Advertisement
E-Paper

খাবারে চাই ঘি, শারীরচর্চাতেও ছক ভাঙতেই পছন্দ করেন বেদিকা পিন্টো, কিন্তু বেড়াতে গেলে কী করেন?

কী ভাবে তিনি নিজেকে ফিট রাখেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে শারীরচর্চা, জীবনযাপনের গল্প ভাগ করে নিলেন অভিনেত্রী বেদিকা পিন্টো। তাঁর সহজ জীবনযাপন অনুসরণ করে ফিট থাকতে চান কি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৪:১৫
মনের মতো খেয়ে ফিট বেদিকা পিন্টো। কী খান তিনি?

মনের মতো খেয়ে ফিট বেদিকা পিন্টো। কী খান তিনি? ছবি:সংগৃহীত।

ছিপছিপে প্রাণচঞ্চল তরুণী। ২০১৯ সালে মিউজ়িক ভিডিয়ো দিয়ে মুম্বইয়ে কাজ শুরু করেন। কিছু দিন আগে মুক্তি পাওয়া ‘মুসাফির ক্যাফে’ সিরিজ়ের ‘সুধা’ চরিত্রটির দৌলতে ইদানীং বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী বেদিকা পিন্টো। কী ভাবে তিনি নিজেকে ফিট রাখেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে শারীরচর্চা, জীবনযাপনের গল্প ভাগ করে নিলেন অভিনেত্রী। তাঁর সহজ জীবনযাপন অনুসরণ করে ফিট থাকতে চান কি?

অভিনয়জগতের সঙ্গে যুক্ত বলে কিছুটা নিয়ম মানতেই হয়, তবে একঘেয়ে জীবনযাপন নয়, শারীরচর্চা থেকে খাওয়াদাওয়ার বিষয়ে বৈচিত্রে বিশ্বাসী তিনি। বেদিকার মা পঞ্জাবি। তাই ছোট থেকেই ঘি খেতে অভ্যস্ত তিনি। ওজন নিয়ন্ত্রণে শারীরচর্চা করলেও, ঘি থাকে তাঁর প্রতিদিনের খাবারে।

কম খেয়ে মেদ গলানোয় নয়, বরং খাবারে সঠিক মাত্রায় পুষ্টিগুণ বজায় রাখার পাশাপাশি তিনি নিজের পছন্দের খাবার উপভোগ করতেও বিশ্বাসী। শরীর ভাল রাখতে গিয়ে, স্বাদ বিসর্জন দিতে একেবারেই নারাজ অভিনেত্রী।

সুস্থ থাকতে শারীরচর্চা করতেই হয়। তবে দৈনন্দিন জীবনে দ্রুত হাঁটা বা দৌড়ে নেওয়ার ক্ষেত্রে তিনি বেশ কিছুটা অলস। রোজের ব্যস্ততায় তা হয়ে ওঠে না। তবে গল্পটা বদলে যায় তিনি যখন কোথাও বেড়াতে যান। ছুটি কাটাতে গিয়ে অচেনা শহর বা নতুন পথ পেলেই যেন তাঁর ভেতরে এক অন্য মানুষ জেগে ওঠে। পায়ে হেঁটে চারপাশটা দেখতেই তিনি সবচেয়ে বেশি ভালবাসেন। তখন আর নির্দিষ্ট রুটিন মেনে কসরত করতে হয় না, হাঁটতে হাঁটতেই দিনে কখনও কখনও প্রায় ৪০ হাজার কদম পার করে ফেলেন তিনি।

তবে বেড়ানো হয় কখনও কখনও। রোজের শারীরচর্চার তালিকায় থাকে ওজন তোলা এবং পিলাটিজ়। কখনও জিমে গিয়ে ওজন তোলেন তিনি। এতে পেশি সবল হয়। পাশাপাশি, পেট, পিঠ এবং কোমরের পেশি মজবুত রাখতে পিলাটিজ় করেন তিনি। কখনও ওজন তোলা, কখনও পিলাটিজ়, আবার কখনও কার্ডিয়ো। বৈচিত্র থাকে শারীরিক কসরতেও। সামগ্রিক ভাবে শরীর ভাল রাখার দিকেই নজর দেন তিনি।

ভাল-মন্দ খাওয়া, সুস্থ থাকতে শারীরচর্চা আর বেড়াতে গেলে হাঁটাহাটি— এটাই বেদিকার সুস্থ থাকার মূলমন্ত্র। পুষ্টিবিদেরা বলছেন, মেদ ঝরাতে অনেকেই ভাত, রুটি, ঘি, মাখন বাদ দেন। পছন্দের খাবার বাদ চলে গেলে জীবন ক্লান্তিকর মনে হতে পারে। তা ছাড়া, খাবারের প্রতি বাড়তি প্রলোভনও তৈরি হয়। তাই পছন্দের খাওয়া না ছেড়ে খাদ্যতালিকায় পুষ্টি উপাদান জুড়ে নেওয়াতেই মনোযোগী হওয়া প্রয়োজন। এমনটাই করেন অভিনেত্রী। তাঁর খাবারের সিংহভাগ জুড়ে থাকে প্রোটিন। এ ছাড়াও ফাইবার জাতীয় খাবারেও জোর দেন তিনি। সকালে উঠে প্রোটিন প্যানকেক খেতে পছন্দ করেন অভিনেত্রী।

Fitness Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy