Advertisement
E-Paper

ডিম সকালে খাবেন, না কি রাতের জন্য পনির ভাল? প্রোটিন খাবার খাওয়ার আদর্শ সময় কোনটি

প্রাতরাশে প্রোটিন থাকা জরুরি। তবে কি রাতের খাবারে প্রোটিন বাদ দিলেও চলে? সকাল না রাত, ডিম না পনির, কোন সময় কোনটি খাওয়া ভাল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ১৮:৫৫
প্রোটিন জাতীয় খাবার সারা দিনে কখন খাওয়া ভাল?

প্রোটিন জাতীয় খাবার সারা দিনে কখন খাওয়া ভাল? ছবি:সংগৃহীত।

দিনভর স্বাস্থ্যকর খাবার খাওয়াই যথেষ্ট নয়, পেট কী ভাবে ভরছে, সেটি খুব জরুরি। চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা বলছেন, ভিটামিনে ঠাসা খাবার দিনভর খেয়ে গেলেই যে স্বাস্থ্য ভাল হবে, তা নয়, বরং খাবারের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন এবং খনিজের সমন্বয় থাকা আরও বেশি জরুরি।

দৈনন্দিন খাদ্যতালিকার খুব গুরুত্বপূর্ণ অংশ হল প্রোটিন। কারণ, প্রোটিন শুধু পেশি সবল করতে সাহায্য করে না কোষ গঠন থেকে টিস্যুর মেরামতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তা জরুরি। প্রোটিন খাবার পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে। তা ছাড়া, প্রোটিন পরিপাকে সময় লাগে বলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় না।

প্রোটিন জাতীয় খাবারের মধ্যে ডিম থেকে ডাল, সয়াবিন, পনির, দুধ, অনেক কিছুই পড়ে। তার মধ্যে কোনটি কখন খাওয়া ভাল? প্রোটিন খাবার কি সকালের জন্য বেশি ভাল না কি রাতের জন্য?

নয়াদিল্লি নিবাসী মেডিসিনের চিকিৎসক বিজয় দত্ত বলছেন, প্রোটিন খাবার খাওয়ার কোনও বাঁধাধরা নিয়ম নেই। যে কোনও সময়েই খাওয়া যায়। তবে দিনের শুরুতে উৎকৃষ্ট মানের প্রোটিন খাওয়া খুব জরুরি। ডিম, ডাল, সয়াবিন, অঙ্কুরিত মুগ, পনির— যে কোনও খাবার থাকতে পারে তাতে। প্রাতরাশে প্রোটিন জাতীয় খাবার শুধু দিনভর শক্তি জোগাতেই সাহায্য করে না, পেট ভর্তি রাখে অনেকক্ষণ। ফলে, অস্বাস্থ্যকর বা বেশি ক্যালোরির খাবার খাওয়ার প্রবণতা কমে।

চিকিৎসকের কথায়, "প্রোটিন জাতীয় খাবার খাওয়ার সময় কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও, দিনভরের খাবার তালিকায় প্রোটিন রাখা জরুরি। দিনে বা রাতে, কোনও একটি সময় অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেয়ে প্রাতরাশ, মধ্যহ্নভোজ এবং নৈশাহারে তা ভাগ করে নেওয়াই ভাল।"

প্রাতরাশে থাকবে কী?

সকালবেলার খাবারে উচ্চ মাত্রার প্রোটিন রাখতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। জলখাবারে ডিম যেমন রাখা যায় তেমন পনিরও থাকতে পারে। অঙ্কুরিত মুগ, ছোলা, বাদামও তালিকায় রাখা যায়। খাওয়া যায় ডাল বা স্যুপও। দিনের শুরুতেই উচ্চমানের প্রোটিন থাকলে, দৈনিক চাহিদার অনেকটাই সকাল থেকে পূরণ হতে শুরু করবে।

মধ্যাহ্নভোজ

দুপুরের খাবারে ভাত বা রুটি, যা-ই খাওয়া হোক না কেন, সঙ্গে ডাল, মাছ অথবা মাংস কিংবা ডিম রাখা যেতে পারে। নিরামিষ খেলে পনির অথবা সয়াবিন রাখতে হবে প্রোটিনের চাহিদাপূরণে।

নৈশাহার

নৈশাহারেও প্রোটিন থাকা জরুরি। অনেকে দিনভর প্রোটিন জাতীয় খাবার না খেয়ে রাতে অনেকটা প্রোটিন একসঙ্গে খান। চিকিৎসকেরা বলছেন, তা সঠিক পন্থা নয়। দিনভর প্রোটিন খাবার খেলেও, রাতে যেমন প্রোটিন বাদ দেওয়ার দরকার নেই, তেমনই বেশি খাওয়াও অর্থহীন। কারণ, প্রোটিন জাতীয় খাবার এক বারে বেশি খেয়ে ফেললে হজমের সমস্যা হতে পারে।

ডিম বা পনির কিংবা ডাল— কোন সময় খাওয়া যায়, তার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। প্রোটিন খাবার সারা দিনই পরিমিত পরিমাণে খেতে হবে। সে ক্ষেত্রে সকালে পনির খেয়ে, রাতেও কেউ ডিম খেতে পারেন। তবে খাওয়ার বিষয়টি অনেকটা ব্যক্তিবিশেষের হজমক্ষমতার উপরেও নির্ভর করে। মাংস, ডিম হজমে রাতের দিকে সমস্যা হলে সেগুলি দিনে বা দুপুরে খাওয়া যেতে পারে। রাতে রাখা যেতে পারে ডাল, পনির, ছোলা বা রাজমার তরকারি।

সকালের খাবার, না কি রাতের খাবার কোন সময়ে প্রোটিন খাওয়া জরুরি, তা নিয়ে কোনও ধন্দের অবকাশ নেই। বরং লক্ষ্য থাকা উচিত, সকাল থেকে রাত পর্যন্ত প্রোটিনের স্বাভাবিক জোগান বজায় রাখা। কোনও একটি সময় বেশি প্রোটিন খাবার না খেয়ে, দিনভর অল্প অল্প করে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল।

Protein

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy