Advertisement
E-Paper

ঠান্ডা লেগে সাধারণ সর্দি-কাশি! ভাইরাল জ্বর না নিউমোনিয়া, চিনবেন কোন কোন লক্ষণে?

ঋতুবদলের সময়ের সর্দিকাশি, জ্বর অনেকেরই হয়। ইদানীং সোয়াইন ফ্লু নিয়েও আতঙ্ক বেড়েছে। ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়াও থাবা বসাচ্ছে। সংক্রমণ কী প্রকার, তা চেনার উপায় কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৮:২৯
Common Cold, Viral Fever, or Pneumonia, Key Symptoms to Identify the Difference

ভাইরাল জ্বর না নিউমোনিয়া, কী ভাবে আলাদা করবেন? ছবি: ফ্রিপিক।

ঋতুবদল মানেই সর্দিকাশি, জ্বর। তবে ইদানীং ব্যাক্টেরিয়া-ভাইরাসদের যা দাপট, তাতে শুধু সর্দিকাশির ভাইরাসই যে ছড়াচ্ছে তা নয়, জাঁকিয়ে বসছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া। সেই সঙ্গে ইনফ্লুয়েঞ্জার আরও এক রূপ সোয়াইন ফ্লুয়ের প্রকোপও বেড়েছে। মহারাষ্ট্র, বেঙ্গালুরু, দিল্লিতে সোয়াইন ফ্লু আতঙ্কের কারণ হয়ে উঠেছে। কাজেই এই সময়ে জ্বর, গায়ে ব্যথা হলে তা ইনফ্লুয়েঞ্জা, সাধারণ জ্বর না নিউমোনিয়া, তা চেনা খুব কঠিন। কিছু বিশেষ লক্ষণ দেখে বোঝা যেতে পারে সংক্রমণের কারণ নিউমোনিয়া কি না।

নিউমোনিয়া হল ফুসফুসের সংক্রমণ। এই ব্যাক্টেরিয়া কিংবা ভাইরাসের সংক্রমণে নিউমোনিয়া হয়। যেমন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামের ব্যাক্টেরিয়ার সংক্রমণ নিউমোনিয়া রোগের একটি অন্যতম প্রধান কারণ। এ ছাড়া, ছত্রাকঘটিত কারণেও অনেক সময়ে নিউমোনিয়া হতে পারে।

লক্ষণ কী কী?

নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ হল জ্বর। সেই সঙ্গে কাশি। পাশাপাশি, শ্বাসকষ্টও হয়। সংক্রমণ যত বাড়ে, শ্বাসকষ্টও বাড়তে থাকে। বুকে ব্যথা হতে পারে। তবে বুকের ব্যথার ধরন একটু আলাদা। সাধারণত, গভীর শ্বাস নেওয়ার সময়ে এই বুকের ব্যথা অনুভূত হবে। ফুসফুসের প্রদাহের কারণে এই ব্যথা হয়। এ ছাড়া, মাথায় যন্ত্রণা, ক্রমশ দুর্বল হয়ে পড়া, খাওয়ায় অনীহা, সারাক্ষণ বমি বমি ভাবও আনুষঙ্গিক লক্ষণের মধ্যে পড়ে। যাঁদের প্রতিরোধক্ষমতা দুর্বল, বিশেষ করে শিশু কিংবা প্রবীণ মানুষের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ বেশিই।

নিউমোনিয়ার প্রথম দিকে সাধারণ জ্বর, সর্দি এবং কাশির উপসর্গই দেখা যায়। তবে কিছু দিন পর থেকেই এই উপসর্গগুলির প্রকোপ বাড়তে থাকে। দেখা যায়, জ্বর কিছুতেই কমছে না। সঙ্গে শ্বাসকষ্ট বাড়ছে। শুকনো কাশিও একই ভাবে বাড়ছে। বুকের ব্যথাও থাকছে। সাধারণ সর্দি-কাশি হলে ওষুধ দেওয়ার পর দ্রুত চিকিৎসায় সাড়া পাওয়া যায়। এ ক্ষেত্রে তেমন হয় না।

শরীরে বিভিন্ন অসুখবিসুখ থাকলে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। যেমন, ডায়াবিটিস, আর্থ্রাইটিস, কিডনির রোগ, এইচআইভি সংক্রমিতদের নিউমোনিয়া হলে ভয় বেশি। আক্রান্ত ব্যক্তি সাধারণ ভাবে ঠান্ডা লাগার শিকার, না তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা করাতে হয়। যেমন, অনেক সময় এক্স-রে, সিটি স্ক্যান করে দেখা হয়। তবে রোগীবিশেষে কী ধরনের পরীক্ষা করতে হবে, সেটা চিকিৎসকই ঠিক করতে পারবেন।

pneumonia Swine flu Influenza

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy