ফ্যাটি লিভারের সমস্যা এখন ঘরে ঘরে। অনেকেই অন্য কারণে স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে প্রথম বার জানতে পারেন যে তাঁদের লিভারে চর্বি জমেছে। লিভার সাধারণত ৫ থেকে ৬ শতাংশ চর্বি শোষণ করতে পারে। এর চেয়ে বেশি চর্বি জমা হতে থাকলেই তা বিপজ্জনক। কারণ, ছোট্ট প্রত্যঙ্গটির কাজ অনেক। লিভার বিগড়ে গেলে সামগ্রিক ভাবে শরীর ভেঙে পড়বে।
ফ্যাটি লিভারের সমস্যায় অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, চিনি, তেল-মশলাযুক্ত খাবার, রেড মিট বাদ পড়ে যায়। তা ছাড়া ফ্যাটি লিভারের সমস্যা কোন পর্যায়ে রয়েছে তার উপরেও খাওয়াদাওয়া নির্ভর করে।
ফ্যাটি লিভারের রোগীরা মধ্যাহ্ন ভোজে কোন কোন খাবার খেতে পারেন? ভাত খাওয়ায় সমস্যা নেই। তবে সাদা ভাতের বদলে ব্রাউন রাইস খাওয়া যায়। ভাত, পাতলা ডাল বা সব্জি দিয়ে মাছের ঝোল, হালকা করে রান্না করা সব্জি খাওয়াই যায়। তবে স্বাদ বদলে মধ্যাহ্নভোজ হতেই পারে একটু অন্য রকম—
চিকেন পিশ-প্যাশ
চিকেন পিশপ্যাশ।
মাংস এবং সব্জি দিয়ে তৈরি সহজপাচ্য রান্নাটি একপাকেই হয়। খেতেও সুস্বাদু। তেলের ব্যবহার হয় না বললেই চলে। ফাইবার থেকে প্রোটিন, ভিটামিন সবটাই মেলে এক খাবারে।
পন্থা সহজ। প্রথমে বানাতে হবে চিকেন স্টু। আলু, পেঁপে, পেঁয়াজ ডুমো করে কেটে নিন। গাজর টুকরো করে নিন। প্রেশার কুকারে সামান্য সাদা তেল দিয়ে গোটা গরমমশলা, গোলমরিচ ফোড়ন দিন, দিন রসুনকুচি। সব্জি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। যোগ করুন কাঁচালঙ্কা, নুন। মাংস দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু বেশি পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে একটি সিটি দিন। মাংস আধ সেদ্ধ হয়ে গেল আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল মাংসের স্টুয়ে দিয়ে প্রেশার কুকারে আরও একটি বা দু’টি সিটি দিয়ে নিন। চিকেন পিশ-প্যাশ হবে কিছুটা মাংসের খিচুড়ির মতো। ঝরা ঝরা হবে না।
পালং র্যাপ
পালং দিয়ে বানিয়ে নিন র্যাপ।
পালংশাকে শুধু ভিটামিন নয়, রয়েছে ফাইবারও। ভেজানো মুগডাল, ভাপানো পালং, আদা, কাঁচালঙ্কা নুন এবং জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। মিশ্রণটি হবে পাতলা।
ক়ড়াইয়ে অল্প তেল দিয়ে রসুনকুচি দিন। ফুলকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে হালকা ভেজে নিন। যোগ করুন সেদ্ধ সুইটকর্ন এবং পনির। নুন, গোলমরিচ এবং লেবুর রস ছড়িয়ে মিনিট ২-৩ রান্না করে নিন।
কড়াইয়ে অল্প তেল ব্রাশ করে নিন। পালংয়ের পাতলা মিশ্রণটি দিয়ে পাতলা রুটি বা চিলার মতো উল্টেপাল্টে সেঁকে নিন। তার মধ্যে পুর হিসাবে পেঁয়াজ, সুইটকর্ন, পনির দিয়ে মুড়ে নিন। তৈরি হয়ে যাবে পালং র্যাপ।
লেমন ফিশ
লেবু দিয়ে বেক করা মাছ।
ছাঁকা তেলে ভাজা বা পেঁয়াজ-রসুন দিয়ে কষানো মাছের কালিয়া, কোর্মা এড়িয়ে চলাই ভাল। বদলে বানিয়ে ফেলুন লেমন বা বেকড্ ফিশ। বাসা বা ভেটকির ফিলে দিয়েই রান্নাটি ভাল হবে। তবে চাইলে রুই বা কাতলার পেটিও নিতে পারেন।
একটি পাত্রে ২ টেবিলচামচ অলিভ অয়েল নিয়ে পাতিলেবুর রস, গোলমরিচের গুঁড়ো, নুন, পাতিলেবুর রস, মিহি করে কুচোনো ধনেপাতা মিশিয়ে নিন। মিশ্রণটি মাছের গায়ে ভাল করে মাখিয়ে নিন।
মাইক্রোওয়েভ অভেন বা ওটিজি-তে মাছ বেক করে নিতে পারেন। না হলে তাওয়ায় অল্প তেল দিয়ে এপিঠ-ওপিঠ সেঁকেও নিতে পারেন। সব্জি দিয়ে তৈরি ফ্রায়েড রাইস বা সাদা ভাতের সঙ্গেও এটি খাওয়া যাবে। ভাত না খেতে চাইলে, সঙ্গে রাখতে পারেন স্যতে করা সব্জিও।