দুধ বাড়ির বড়রা যেমন খায়, তেমনই খায় দুধের শিশুও। যার মুখে এখনও ভাতের দানাটুকু ওঠেনি। এ হেন শিশুভোজ্য খাবারেও ভেজাল মেশাতে পিছপা হন না অসৎ ব্যবসায়ীরা। আর সেই ভেজাল কেবল জল মিশিয়ে পরিমাণ বৃদ্ধি নয়। দুধে এখন গুঁড়ো সাবানও মেশানো হচ্ছে বলে সতর্ক করল দেশের খাদ্যসুরক্ষা দফতর এফএসএসএআই। যা শরীরে গেলে ক্ষতি হতে পারে।
খাবারে ভেজাল চেনার নানা রকম সতর্কবার্তা প্রায়ই নিজেদের সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে এফএসএসআই। তেমনই এক পোস্টে তারা জানিয়েছে, দুধে আঠালো আর ঘন ভাব তৈরি করতে এখন ডিটারজেন্ট বা কাপড় কাচার গুঁড়ো সাবানও মেশানো হচ্ছে। তবে আপনার দুধে তেমন কিছু মেশানো হয়েছে কি না, তা জানতে বাড়িতেই একটি পরীক্ষা করে নেওয়া যেতে পারে।
কী ভাবে করতে হবে পরীক্ষা?
১। একটি ছোট গ্লাসে ৫-১০ মিলিলিটার দুধ নিন
২। এ বার একটি চামচ দিয়ে দুধটিকে ভাল ভাবে গোলান
৩। যদি দুধে ফেনা তৈরি হয় এবং ফেনা থেকে যায় তবে বুঝতে হবে দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে
৪। যদি ফেনা না তৈরি হলেও প্রায় সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় তবে ডিটারজেন্ট মেশানো হয়নি।
দুধ কেনার আগে কী দেখে নেবেন?
১। দুধের প্যাকেট কেনার আগে অবশ্যই এফএসএসএআই ‘ট্রাস্ট মার্ক’ দেখে নিন। যাতে এফএসএসএআই-এর প্রতীক ছাড়াও একটি ১৪ সংখ্যার লাইসেন্স নম্বর দেওয়া থাকে।
২। প্লাস্টিক পাউচের বদলে টেট্রা প্যাক কেনা ভাল। কারণ প্লাস্টিক পাউচ কেটে আবার সহজেই জোড়া সম্ভব। যা টেট্রা প্যাকে করা যায় না।
৩। কেনার আগে অবশ্যই প্যাকেটটি কোনও ভাবে ছেড়া ফাটা রয়েছে কি না দেখে নিন।
৪। বিশ্বস্ত ব্র্যান্ড থেকেই দুধ কিনুন।