Advertisement
E-Paper

খালি পেটে চিবিয়ে খেতে পারেন হেঁশেলের একটি আনাজ, কমাতে পারে ওজন থেকে কোলেস্টরল!

সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার চল রয়েছে অনেক বাড়িতেই। কেউ মনে করেন, এতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, কেউ আবার ওজন নিয়ন্ত্রণ বা হৃদ্‌যন্ত্র ভাল রাখার জন্য রসুন খান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৩
হেঁশেলের কোন উপাদান খেলে কোলেস্টেরল কমবে?

হেঁশেলের কোন উপাদান খেলে কোলেস্টেরল কমবে? ছবি: সংগৃহীত।

রসুন শুধু রান্নার মশলা নয়, বহুদিন ধরেই ঘরোয়া টোটকা হিসাবে এর আলাদা কদর রয়েছে। বিশেষ করে সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার চল রয়েছে অনেক বাড়িতেই। কেউ মনে করেন, এতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, কেউ আবার ওজন নিয়ন্ত্রণ বা হৃদ্‌যন্ত্র ভাল রাখার জন্য রসুন খান। কিন্তু প্রতিদিন সকালে কাঁচা রসুন খেলে সত্যিই কি শরীরে কোনও বিশেষ পরিবর্তন হয়?

রসুনে থাকা বিভিন্ন সালফার-যুক্ত যৌগের মধ্যে অ্যালিসিন সবচেয়ে বেশি আলোচিত। রসুন থেঁতো বা কুচি করার পর এই যৌগ তৈরি হয়। নানা গবেষণায় রসুনের সঙ্গে রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করার মাত্রা এবং হৃদ্‌স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। রসুনে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে। রসুনে থাকা বিভিন্ন জৈব সক্রিয় যৌগ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে। কাঁচা রসুন নিয়ে করা একাধিক গবেষণায় অ্যান্টি-অক্সিড্যান্টের গুণের কথা বলা হয়েছে। তাই পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে একাধিক উপকারিতা মিলতে পারে। তবে এর অর্থ এই নয় যে, সকালে কাঁচা রসুন খেলেই সব সমস্যা দূর হবে। কিন্তু উপকারিতা অবশ্যই রয়েছে।

প্রতিদিন সকালে কাঁচা রসুন।

প্রতিদিন সকালে কাঁচা রসুন। ছবি: সংগৃহীত

হৃদ্‌স্বাস্থ্য: রসুনের গুরুত্বপূর্ণ উপকারিতাগুলির একটি হল হৃদ্‌স্বাস্থ্যের সঙ্গে এর সম্পর্ক। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রসুন খাওয়ার সঙ্গে রক্তচাপ এবং রক্তের কিছু ফ্যাটের মাত্রা কমার সম্পর্ক থাকতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ থাকা ব্যক্তিদের নিয়ে হওয়া কিছু গবেষণায় দেখা গিয়েছে, রসুনজাত উপাদান রক্তচাপ কমাতে সামান্য সাহায্য করেছে।

কোলেস্টেরল: রসুন নিয়ে হওয়া গবেষণায় দেখা গিয়েছে, টোটাল কোলেস্টেরল এবং এলডিএল বা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা খানিক কমাতে পারে এই মশলা। তবে সব গবেষণার ফল এক নয় এবং কতটা রসুন, কোন ধরনের রসুন বা কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে, তার উপর ফলাফল বদলাতে পারে।

রক্তে শর্করা: রসুনের কিছু সক্রিয় উপাদান শরীরে গ্লুকোজ় বিপাক এবং ইনসুলিনের কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। কিছু গবেষণায় রসুন খাওয়ার সঙ্গে রক্তে শর্করার মাত্রা কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে ডায়াবিটিস থাকলে নিজের ইচ্ছেমতো রসুনের পরিমাণ বাড়ানো বা ওষুধের বদলে রসুন ব্যবহার করা উচিত নয়।

ওজন: রসুন শরীরের বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দ্রুত ক্যালোরি পোড়াতে সাহায্য করে। অ্যালিসিন খিদে নিয়ন্ত্রণ করে এবং শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে বাধা দিয়ে ওজন কমায়।

তাই খালি পেটে পরিমিত পরিমাণে কাঁচা রসুন চিবিয়ে খাওয়া যেতে পারে। তবে যাঁদের কাঁচা রসুন খেলে পেটের অস্বস্তি হয়, তাঁরা খালি পেটে না খেয়ে খাবারের সঙ্গে বা রান্নায় ব্যবহার করতে পারেন। প্রতিদিন কাঁচা রসুন খাওয়া সবার শরীরের পক্ষে ভাল না-ও হতে পারে। মুখে দুর্গন্ধ, বুকজ্বালা, পেটের অস্বস্তি, গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। কাঁচা রসুন রান্না করা রসুনের তুলনায় অনেক বেশি ঝাঁঝালো হওয়ায় এই সমস্যা কারও কারও ক্ষেত্রে আরও বেশি হতে পারে।

সকালে এক কোয়া কাঁচা রসুন খাওয়া কারও খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু এটিকে রোগপ্রতিরোধ বা ওজন কমানোর একমাত্র উপায় ভাবার কারণ নেই। শরীরের প্রয়োজন, পেটের সহনশীলতা, অসুখবিসুখ এবং চলতি ওষুধ— এই কয়েকটি বিষয় মাথায় রেখেই পরিমাণ ঠিক করা ভাল।

garlic Cholesterol

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy