সাদা নয়, সমাজমাধ্যম জুড়ে আলোচনায় উঠে এসেছে কালো রসুন। স্বাস্থ্যসচেতন থেকে নেটপ্রভাবীদের কাছে কালো রসুন এখন ‘সুপারফুড’।
কিন্তু কালো রসুন কি বাজারে মেলে? কখনও দেখেছেন কি, না স্মৃতি হাতড়াচ্ছেন? পুষ্টিবিদেরা বলছেন, বাজার থেকে কেনা সাধারণ রসুনকেই দিন ১৫ রেখে মজিয়ে নিলে তার পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যায়। ভিটামিন বি, ফোলেট, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সোডিয়াম, জ়িঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ়, ক্যালশিয়ামের মতো নানা খনিজের মাত্রা বেড়ে যায়।
মাংস থেকে রকমারি সব্জিতে রসুন খাওয়ার চল রয়েছে। কিন্তু কালো রসুন দিয়ে কোন রান্না করবেন?
১। স্প্যাগেটি রান্নার সময়ে কালো রসুনের সস্ ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল গরম করে নিন। তার মধ্যে কয়েক কোয়া কালো রসুন দিয়ে আঁচ কমিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করুন অরিগ্যানো। সমস্ত মিশ্রণ হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিন বা মিক্সারে ঘুরিয়ে নিন। স্প্যাগেটি সেদ্ধ হলে উপর থেকে সস্ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। পাস্তা রান্না করেও অলিভ অয়েল, কালো রসুনের সস্ ছড়িয়ে দিলে স্বাদ এবং গন্ধ দুই-ই বৃদ্ধি পাবে।
২। সব্জি সাঁতলে নেওয়ার সময়েও সাদা রসুনের বদলে কালো রসুন দিতে পারেন। অলিভ অয়েল গরম করে কালো রসুন কুচিয়ে তেলে দিয়ে দিন। পেঁয়াজ, ক্যাপসিকাম, ভাপানো ব্রকোলি, নুন দিয়ে নাড়াচাড়া করে নিন।
৩। কালো রসুন দিয়ে মুরগির স্ট্যু বানিয়ে নিতে পারেন। কালো রসুনের কোয়া থেঁতো করে নিন। আদার টুকরোও থেঁতো করে নিন। প্রেশার কুকারে সাদা তেলে বা অলিভ অয়েল দিয়ে গোটা গোলমরিচ ফোড়ন দিন। থেঁতো করা কালো রসুন, আদা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন পেঁয়াজের টুকরো, পেঁপে, আলু, গাজর, মুরগির মাংস। স্বাদমতো নুন যোগ করুন। হালকা নাড়াচাড়া করে গরম জল দিয়ে সেদ্ধ করুন।
কালো রসুন বানানোর প্রক্রিয়া
বাজার থেকে কালো রসুন যেমন কিনতে পাওয়া যায়, রাইস কুকার থাকলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। সঠিক তাপমাত্রায় রসুন মজিয়ে নিতে হবে।
রসুনের গা থেকে নোংরা পরিষ্কার করে নিন। জল দিয়ে ধোয়া যাবে না।
রাইস কুকারের ‘ওয়ার্ম মোড’টি অন করে রসুনগুলি সাজিয়ে দিতে হবে। একটি স্তরে রসুন দিয়ে উপর থেকে টিস্যু বিছিয়ে দিন। ফয়েল পেপার দিয়েও রসুন ঢাকতে পারেন।
ফারমেন্টেশন বা মজানোর জন্য খুব বেশি তাপমাত্রার দরকার নেই, তবে তা সময়সাপেক্ষ। অন্তত ৮-১০দিন ওয়ার্ম মোড চালু রাখতে হবে। ধীরে ধীরে রসুনের গন্ধে ভরে যাবে ঘর। বার করে দেখে নিন রসুনের ভিতরে কালো হয়েছে কি না। না হলে আরও দিন দুই রাখতে হবে।