ওজন কমাতে রাতে ভাত বা রুটি খান না অনেকেই। তবে সবসময়ে স্যালাড খেয়ে থাকতে ভাল লাগে না। আবার ইন্টারমিটেন্স ফাস্টিং করলে অনেকেই সন্ধ্যার মধ্যে রাতের খাওয়া সেরে নেন। এর পরে দীর্ঘ সময়ে উপোস থাকতে হয়। তাই খিদে মেটাতে শুধু নয়, পুষ্টির ঘাটতি মেটাতেও স্যুপ খেতে পারেন। তবে তা বানাতে হবে বিশেষ উপায়ে।
মাশরুমের স্যুপ
মাশরুম ছোট ছোট টুকরো করে কেটে ভাল করে ধুয়ে নিন। প্যানে সামান্য মাখন বা অলিভ তেল দিয়ে তাতে একটি গোটা পেঁয়াজের কুচি ও ৩টি রসুনের কোয়া দিয়ে ভেজে নিন। তাতে দিন মাশরুমের টুকরোগুলি। ভাল করে ভাজা হলে আধ কাপ দুধে কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিন। ভাল করে ফোটান যত ক্ষণ না ঘন হয়। এ বার উপর থেকে গোলমরিচের গুঁড়ো ও গ্রেট করা চিজ় ছড়িয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:
পালংয়ের ক্রিমি স্যুপ
২ কাপের মতো পালং পাতা কুচিয়ে নিন। এর সঙ্গে প্রয়োজন হবে ২ চামচের মতো স্প্রিং অনিয়ন কুচি। জল গরম করে তাতে কুচিয়ে রাখা পালং পাতা দিয়ে দিন। সামান্য নুন দিয়ে জল ফুটতে দিন। পালং সেদ্ধ হয়ে এলে তাতে আধ কাপের মতো দুধ ঢেলে দিন। আঁচ কমিয়ে ফোটান যাতে মিশ্রণটি ঘন হয়ে আসে। এর পর একটি প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে অরিগ্যানো ও স্প্রিং অনিয়ন দিয়ে নাড়াচাড়া করুন। তার পর পালং-দুধের মিশ্রণটি ঢেলে দিন। ফুটে গেলে গ্যাস বন্ধ করে উপর থেকে গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
লাউ ও ধনেপাতার স্যুপ
ডুমো করে কাটা লাউ, আদা কুচি, জিরে, ধনেপাতা নিয়ে নিন। লাউ ও আদা সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিন। ব্লেন্ডারে ভাল করে পিষে ছেঁকে নিন। একটি পাত্রে জিরে ফোড়ন দিয়ে এই মিশ্রণটি ঢেলে সামান্য নুন, গোলমরিচ ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। ওজন কমানোর জন্য এই স্যুপ খুবই পুষ্টিকর।