‘ভাত রান্না আবার কী এমন কাজ’— অনেকেই এটা ভাবেন! কিন্তু ঝরঝরে ভাত বানানো সত্যিই কঠিন। ফ্যান ঝরানোর সময় একটু এদিক-ওদিক হলেই ভাত হয়ে যায় নরম। মাছ-মাংসের ঝোলের সঙ্গে গলা ভাত খেতে একেবারেই ভাল লাগে না। তাই আবার নতুন করে ভাত রান্না করতে হয়! তিনটি উপায় মানলে কিন্তু গলা ভাতও ঝরঝরে করা সম্ভব।
১. মাইক্রোওয়েভের টোটকা
ফ্যান ঝরিয়ে ভাত ২ মিনিটের জন্য মাইক্রোওয়েভ অভেনে মাইক্রো মোডে ঘুরিয়ে দিন। অতিরিক্ত জল টেনে নিয়ে ভাত হয়ে যাবে ঝরঝরে।
২. নুনের কেরামতি
গরম ভাতের পাত্রে একটা ছোট বাটিতে নুন রেখে ঢাকা দিন। নুন টেনে নেবে সব জল। ভাত ঝরঝরে হয়ে যাবে।
আরও পড়ুন:
৩. পাউরুটির জাদু
ভাতের উপর ৩-৪ টুকরো পাউরুটি সাজিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে গরম করুন। পাউরুটি শুষে নেবে বাড়তি জল।
অনেক সময়ে ভাত এতটাই গলে যায় যে, আর সেটি ঝরঝরে করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে গলা ভাত খেতে ইচ্ছে না করলে সেই ভাত দিয়ে তেহরি বানিয়ে নিতে পারেন। বাংলাদেশের এই জনপ্রিয় রান্না বিশেষ সময়সাপেক্ষ নয়। মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়া হয় মশলাদার ভাত। এই পদের জন্য ঝরঝরে ভাত রান্নার প্রয়োজন নেই। এ ছাড়া রাইস স্যুপ, রাইস পরিজ, রাইস প্যানকেকও বানিয়ে ফেলতে পারেন গলে যাওয়া ভাত দিয়ে।