আপেল খাওয়া স্বাস্থ্যকর, ফাইবার থেকে ভিটামিন, খনিজ সবই রয়েছে এতে। কিন্তু আপেল খেতে চায় না বাড়ির খুদে সদস্য! আপনার বাড়ির খুদে সদস্যটিও যদি এমন হয়, তাকে আপেল খাওয়ান অন্য ভাবে। তা দিয়ে বানিয়ে দিন এমন লোভনীয় খাবার, যে খুদে টেরই পাবে না, ভিতরে আপেল আছে।
আপেল-ওট্স প্যানকেক
আপেল দিয়ে বানিয়ে ফেলুন প্যানকেক। ছবি:সংগৃহীত।
মোটামুটি ৩-৪ বছরের শিশুকে অনায়াসেই এই খাবার খাওয়ানো যায়। ওট্স, হালকা গরম দুধে ভিজিয়ে রাখুন ৫ মিনিট। মিক্সারে দুধ, ওট্স, মধু, ভ্যানিলা এসেন্স দিয়ে একসঙ্গে ঘুরিয়ে নিন। ননস্টিক তাওয়ায় অল্প মাখন দিয়ে মিশ্রণটি গোল গোল করে চারিয়ে দিন। উল্টে-পাল্টে সেঁকে নিলেই প্যানকেক হয়ে যাবে।
আরও পড়ুন:
আপেল রোল
আপেল কুচিয়ে মিক্সারে মধু দিয়ে ঘুরিয়ে নিন। পাউরুটি বেলন দিয়ে একটু বেলে নিন এবং চার ধার ছুরি দিয়ে কেটে নিন। তার মধ্যে পিনাটবাটার আর আপেলের মিশ্রণ লাগিয়ে গোল রোল করে নিন। ছুরির সাহায্যে সেটি মাঝখান থেকে কেটে নিন। চাইলে মাখন দিয়ে রোলগুলি তাওয়ায় একটু সেঁকেও নিতে পারেন।
আপেল-সুজির হালুয়া
সুজির হালুয়া যে ভাবে বানান তার সঙ্গে শুধু আপেলবাটা যোগ করুন। আপেল বেটে রাখুন। কড়াইয়ে ঘি দিন। তেজপাতা ফোড়ন দিয়ে সুজি ভেজে নিন। যোগ করুন আপেলবাটা। আঁচ কমিয়ে নাড়াচাড়া করে নিন। অল্প দুধ দিয়ে ফুটিয়ে নিন। যোগ করুন সামান্য নুন এবং স্বাদমতো চিনি।