স্যালাড খেয়েই যাঁরা পেট ভরান, তাঁরা কি জানেন ওই খাবার তাঁদের পেটের ভিতরে পরজীবীর ‘চাষ’ করতে পারে, যা সংখ্যায় বাড়লে বা শক্তিবৃদ্ধি করলে ক্ষুদ্রান্ত্রে হতে পারে নানা ধরনের সমস্যা?
সম্প্রতি আমেরিকায় লেটুস পাতা ও কাঁচা শাকসব্জিতে সাইক্লোসপোরা নামক এক পরজীবীর প্রকোপ বেড়েছে। যার ফলে পেটের সংক্রমণে ভুগছেন হাজারো মানুষ। লেটুস পাতা এ দেশে আকছার খাওয়া হয় স্যালাডে। কোথাও আবার ওই পাতার উপর খাবার পরিবেশন করা হয়। তবে কি তা থেকে পরজীবীর সংক্রমণের সম্ভাবনা থাকবে?
সাইক্লোসপোরা কী?
সাইক্লোসপোরার পুরো নাম সাইক্লোসপোরা সায়েটানেনসি। এটি একটি আণুবীক্ষণিক পরজীবী। যা মানুষের শরীরে প্রবেশ করে ক্ষুদ্রান্ত্রকে আক্রমণ করে। তার ফলে যে রোগটি হয়, তাকে বলা হয় সাইক্লোস্পোরিয়াসিস।
কাদের ঝুঁকি বেশি?
সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটি প্রাণঘাতী না হলেও শিশু, বয়স্ক এবং রোগপ্রতিরোধ ক্ষমতা যাঁদের দুর্বল, তাঁদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।
প্রধান উপসর্গগুলি কী কী?
বারবার ফিরে আসা ডায়েরিয়া।
পেটে মোচড় দিয়ে ব্যথা, পেট ফাঁপা এবং বমি বমি ভাব।
চরম ক্লান্তি, ডিহাইড্রেশন এবং দ্রুত ওজন কমা।
সাধারণ পেটের সংক্রমণ কয়েক দিনে ঠিক হয়ে গেলেও, সাইক্লোস্পোরিয়াসিসের চিকিৎসায় দেরি হলে উপসর্গগুলি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
কীভাবে ছড়ায়?
১। মানুষের মলমূত্র মিশ্রিত জল মাটির মাধ্যমে অনেক সময়ে ফসলেও এসে লাগে। ওই পরজীবীটি জলবাহিত হয়ে শাকসব্জিতে ছড়িয়ে পড়ে। লেটুস বা স্যালাডের পাতা যেহেতু রান্না করা হয় না, কাঁচা খাওয়া হয়, তাই পরজীবী সহজেই শরীরে প্রবেশ করে।
২। এটি কোনও ছোঁয়াচে ভাইরাস নয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে ওই রোগ ছড়ায় না।
সাবধান হওয়া উচিত?
কাঁচা ফল ও সব্জি দূর-দূরান্ত থেকে এসে পৌঁছোয় খাওয়ার প্লেটে। মধ্যে তা কোথায় কোথায় পড়ে থাকছে, কীভাবে তা সংরক্ষণ করা হচ্ছে, তা জানা অসম্ভব। যে পরজীবী অনুবীক্ষণ ছাড়া ধরা পড়ে না, তা আপনার স্যালাড বোলের লেটুসে রয়েছে কি না সেটি সাদা চোখে বুঝবেন কী ভাবে? তাই সাবধান হওয়া উচিত।
ভালো করে ধুয়ে নিন: কাঁচা খাওয়ার আগে লেটুস পাতা বা যে কোনও শাকসব্জি ও ফল পরিষ্কার জলে খুব ভাল করে ধুয়ে নিন। দরকার হলে ডিসইনফেকট্যান্ট দিয়ে পরিষ্কার করুন।
বিশুদ্ধ জলের ব্যবহার: খাবার ধোয়া এবং রান্নার কাজে বিশুদ্ধ জল ব্যবহার করুন।
রান্নাঘরের পরিচ্ছন্নতা: খাবার তৈরি ও খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন। শাকসব্জি কাটার ছুরি ও চপিং বোর্ড সবসময়ে পরিষ্কার রাখুন।