Advertisement
E-Paper

থাইরয়েডের সমস্যায় ভুগছেন? জলখাবারে বিশেষ খাবারটি খেলে ঝুঁকির আশঙ্কা কম থাকে, কী সেটি

থাইরয়েডের সমস্যা দেখা দিলে রোজকার জলখাবার বেছে নেওয়া বেশ কঠিন হয়ে ওঠে। সেই সময়ে স্বাস্থ্যকর এবং থাইরয়েড গ্রন্থির জন্য উপকারী স্ন্যাক্‌স বেছে নেওয়া উচিত। কোনটি খাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১১
থাইরয়েডের স্বাস্থ্য বজায় রাখতে কী খাবেন?

থাইরয়েডের স্বাস্থ্য বজায় রাখতে কী খাবেন? ছবি: সংগৃহীত।

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নিয়েই অনেকের মনে একের পর এক প্রশ্ন তৈরি হয়। কোন খাবার খাওয়া যাবে, কোনটি এড়িয়ে চলতে হবে, কোন খাবার ওজন বাড়াবে না— সব মিলিয়ে রোজকার জলখাবার বেছে নেওয়াও যেন বেশ কঠিন হয়ে ওঠে। বিস্কুট, চিপ্‌স বা মিষ্টির বদলে তুলনায় ভাল কোনও জলখাবার খোঁজেন অনেকে। সেই তালিকায় মাখানা বেশ জনপ্রিয়।

থাইরয়েডের সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য একটি বড় চিন্তার বিষয় হল গয়ট্রোজেনযুক্ত খাবার। গয়ট্রোজেন হল এমন কিছু প্রাকৃতিক উপাদান, যা পরিচিত কিছু স্বাস্থ্যকর খাবারে থাকে, যেমন— কাঁচা ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, সয়াবিন এবং বাজরা। এই খাবারগুলি কাঁচা খেলে তা শরীরের আয়োডিন শোষণ করার ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে থাইরয়েড গ্রন্থি ঠিকমতো হরমোন তৈরি করতে পারে না। ভাল ভাবে সেদ্ধ বা রান্না করে খেলে এই খাবারগুলির ক্ষতিকর গুণ নষ্ট হয়ে যায় এবং সেগুলি শরীরের ক্ষতি করে না। তাই এমন খাবার বেছে নেওয়া উচিত, যাতে গয়ট্রোজেন নেই বা রান্নার পদ্ধতি ঠিকঠাক হতে হবে সে ক্ষেত্রে। সে ক্ষেত্রে মাখানাই বেছে নেওয়া ভাল।

থাইরয়েডের জন্য মাখানা বেছে নিতে পারেন?

থাইরয়েডের জন্য মাখানা বেছে নিতে পারেন? ছবি: সংগৃহীত

১. গয়ট্রোজেনযুক্ত খাবার নয়

মাখানা বা ফক্স নাট এক জলজ উদ্ভিদের বীজ থেকে তৈরি। মাখানা সেই গয়ট্রোজেনসমৃদ্ধ খাবারের তালিকায় পড়ে না। ফলে থাইরয়েডের সমস্যা থাকলে মাখানা খাওয়া যেতে পারে। হাইপোথাইরয়েডিজ়ম ও হাইপারথাইরয়েডিজ়ম, দুই ক্ষেত্রেই সাধারণত নিরাপদ খাবার হিসেবে দেখা হয়।

২. ওজন বাড়ায় না

হাইপোথাইরয়েডিজ়মের সঙ্গে ওজন বাড়ার প্রবণতা দেখা দিতে পারে। তখন মাঝেমধ্যে খিদে পেলে চিপ্‌স, বিস্কুট বা মিষ্টি খাবারের দিকে হাত চলে যাওয়াটা খুব স্বাভাবিক। সেই জায়গায় পরিমাণ মেপে মাখানা খাওয়াটাই শ্রেয়। তাতে ওজনও বৃদ্ধি পাবে না, পেটও ভরবে। মাখানায় মূলত কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে এবং এতে ফ্যাটের পরিমাণ খুব কম।

৩. খনিজ উপাদানে ভরপুর

মাখানার আর একটি দিক হল এর খনিজ উপাদান। মাখানায় ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস ও পটাশিয়ামের মতো খনিজ পাওয়া যায়। এগুলি শরীরের বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ।

৪. প্রদাহ কমাতে পারে

অটোইমিউন থাইরয়েড সমস্যার মূলে থাকে দীর্ঘমেয়াদি প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস, যা নিয়ন্ত্রণে মাখনা দারুণ কার্যকর। মাখনায় রয়েছে কেম্পফেরল এবং ক্লোরোজেনিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‌্যাডিকাল ধ্বংস করে থাইরয়েড গ্রন্থির কোষের প্রদাহ কমায়। তা ছাড়া মাখানার ফাইবার পেটের উপকারী ব্যাক্টেরিয়ার খাবার বা প্রিবায়োটিক হিসেবে কাজ করে অন্ত্রকে সুস্থ রাখে।

তবে মাখানা খেলেই থাইরয়েড হরমোন তৈরি বা সক্রিয় হওয়ার প্রক্রিয়া বাড়বে, এমন সরাসরি প্রমাণ নেই। থাইরয়েডের স্বাভাবিক কার্যকলাপের জন্য আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আয়োডিনের ভাল উৎস হল আয়োডিনযুক্ত নুন, মাছ, সামুদ্রিক খাবার, ডিম ও দুগ্ধজাত খাবার। তাই শুধু মাখানার উপর নির্ভর করে থাইরয়েডের পুষ্টির চাহিদা পূরণের চেষ্টা করা উচিত নয়।

Makhana Thyroid Diet

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy