পনির মানেই স্বাস্থ্যকর খাবার— আমিষ ত্যাগ করার ধুম পড়তেই এমন ধারণা তৈরি হচ্ছে। তবে সত্যিই পনিরে রয়েছে প্রচুর প্রোটিন ও ক্যালশিয়াম। কিন্তু সব সময়ে ‘স্বাস্থ্যকর’ থাকছে কি তা? দেখা যাচ্ছে, কারও পনিরে অম্বল হচ্ছে, কারও বা পেট ফাঁপছে, কেউ হজম করতে পারছেন না। নেপথ্যে রয়েছে খাওয়ার কিছু ভুল।
পনিরের সঙ্গে কী খাচ্ছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। কিছু খাবারের সঙ্গে পনির খেলে হজমে সমস্যা, পেটফাঁপা বা অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি বাড়তে পারে বলে জানাচ্ছেন দিল্লি নিবাসী পুষ্টিবিদ আইনা সিংঘল। তাই শুধু পনির খাওয়া নয়, সঠিক খাবারের সঙ্গে খাওয়াও জরুরি।
ইনস্টাগ্রামের পোস্টে বিস্তারিত খাদ্যতালিকা দিয়েছেন আইনা। কিসের সঙ্গে খাওয়া যাবে না, কিসের সঙ্গে খেতে হবে, কখন খাওয়া উচিত— রইল তারই তালিকা।
পনিরের সঙ্গে কী খাচ্ছেন, সেটি গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত
কিসের সঙ্গে খাবেন না পনির?
১. পনিরের পদ যদি মাখন, ক্রিম বা বেশি তেলে তৈরি হয়, তার সঙ্গে একাধিক পরোটা বা মাখন মাখানো রুটি অথবা ভাত খেলে খাবারে কার্বোহাইড্রেট অনেকটাই বেড়ে যায়। পাল্লা দিয়ে বাড়ে ক্যালোরি। এতে হজমেও সমস্যা হতে পারে।
২. পনির নিজেই তুলনামূলক ভাবে ভারী খাবার। এর সঙ্গে পকোড়া বা অন্য তেলেভাজা খেলে অতিরিক্ত চর্বি শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে অনেকের পেট ভার, অস্বস্তি বা পেটফাঁপার সমস্যা দেখা দিতে পারে।
৩. পনিরের পর সঙ্গে সঙ্গে মিষ্টি বা চিনিযুক্ত মিষ্টান্ন খাওয়ার অভ্যাসও ভাল নয়। এতে এক বেলাতেই শরীরে অনেক বেশি ক্যালোরি ও চিনি প্রবেশ করে, যা দীর্ঘ মেয়াদে ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। চিনিযুক্ত সস দিয়ে পনির খেলে বা রান্না করলে তাতে প্রদাহও বাড়তে পারে। বেশি খাওয়ার প্রবণতাও বাড়ে তাতে।
৪. একই বেলায় পনিরের সঙ্গে প্রচুর ক্রিম, দুধ, দই, মাখন বা চিজ় খেলে অনেকের হজমে সমস্যা হতে পারে। বিশেষ করে যাঁদের দুগ্ধজাত খাবার সহজে সহ্য হয় না, তাঁদের ক্ষেত্রে পেটফাঁপা বা অস্বস্তির আশঙ্কা আরও বেশি। একই বেলায় অতিরিক্ত দুগ্ধজাত খাবার একসঙ্গে খাওয়া উচিত নয়। এতে এমনকি ত্বকে ব্রণের সমস্যাও হতে পারে।
৫. পনিরের সঙ্গে কলা বা আমের মতো ফল খেলে পেটফাঁপার সমস্যা বাড়ে।
৬. পনিরের সঙ্গে ডালজাতীয় খাবার মিশিয়ে খেলে অতিরিক্ত প্রোটিন এক বারে শরীরে প্রবেশ করে। তাতেও বদহজমের সমস্যা হতে পারে।
পনির কখন খাওয়া উচিত? ছবি: সংগৃহীত
কিসের সঙ্গে খাবেন পনির?
পুষ্টিবিদের মতে, পনিরের সঙ্গে প্রচুর শাকসব্জি, স্যালাড, স্বাস্থ্যকর মশলা বা হালকা কার্বোহাইড্রেটের পদ রাখলে খাবারের ভারসাম্য বজায় থাকে। রান্নায় কম তেল ব্যবহার করা এবং পরিমাণের দিকে নজর রাখাও জরুরি। পনির স্বাস্থ্যকর ঠিকই, কিন্তু সেটি কী ভাবে রান্না হচ্ছে এবং কিসের সঙ্গে খাওয়া হচ্ছে, তার উপরই অনেক কিছু নির্ভর করে। শরীরে শক্তির জোগায়, ত্বক সুস্থ রাখে, চর্বি ঝরায় বেশি। যেমন—
১. লাউ, ঝিঙে, বিন, কুমড়ো, মাশরুম ইত্যাদির সঙ্গে পনির খাওয়া ভাল।
২. কাঁচা স্যালাড সহ্য হলে পনিরের সঙ্গে খাওয়া যায়।
৩. পুদিনা, ধনে, লেবু, জিরে, জোয়ান, হিং ইত্যাদির সঙ্গে পনির খেতে পারেন।
৪. ১-২টি রুটি বা অল্প ভাতের সঙ্গে পনির খাওয়া ভাল।
৫. ১ চা-চামচ ঘি বা অলিভ অয়েল অথবা তিলের তেলে পনির রান্না করে খাওয়া স্বাস্থ্যসম্মত।
কোন সময়ে খাওয়া উচিত পনির?
১. চায়ের সঙ্গে পকোড়া হিসেবে পনির খেলে বদহজম হতে পারে।
২. রাত সাড়ে ৮টা-৯টার পর পনির খেলে হজমে সমস্যা হতে পারে, অনিদ্রায় ভুগতে পারেন। পাশাপাশি, সকালে উঠলে মুখ ফোলা লাগতে পারে।
৩. সবচেয়ে ভাল হয়, যদি দুপুরে ১২টা থেকে বিকেল ৩টের মধ্যে পনির খেয়ে নেওয়া যায়। অথবা সাড়ে ৬টা থেকে ৮টার মধ্যে নৈশভোজে পনির খেয়ে নিতে পারেন।