Advertisement
E-Paper

বয়সের আগেই বুড়ো হচ্ছে মস্তিষ্ক? ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে এখন থেকেই রোজের ৫ অভ্যাসে নজর দিন

চাবি কোথায় রাখলেন মনে নেই? নাম ভুলে যাচ্ছেন? এটা শুধু বয়সের দোষ নয়। অল্প বয়সের ভুলে যাওয়া রোগ ভবিষ্যতে ডিমেনশিয়ার ইঙ্গিত হতে পারে। তবে ভয় নয়, এখন থেকেই ৫টি সহজ অভ্যাসেই স্মৃতিকে সতেজ রাখা সম্ভব।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৬:০৬
কী ভাবে আটকাবেন ডিমেনশিয়া?

কী ভাবে আটকাবেন ডিমেনশিয়া? ছবি: সংগৃহীত।

বয়স বাড়ে, কিন্তু মস্তিষ্ক ঠিক কবে বুড়ো হয়, কেউ জানে না। শরীরের বয়সের সঙ্গে তার অঙ্ক মেলে না। একটা সময় আসে, যখন মগজের কুঠুরিতে ধুলো জমতে শুরু করে। স্মৃতির পাতা ঝাপসা হয়, মগজাস্ত্রে মরচে ধরে। তখন থেকেই শুরু বার্ধক্য। তা যে শরীর বুড়ো হলেই হবে এমন নয়, অনেক আগেও হতে পারে। মস্তিষ্কের প্রতিটি কুঠুরির বাড়বৃদ্ধি আলাদা, গতিও আলাদা। তাই মস্তিষ্কের সাবালকত্ব মাপার যেমন কোনও যন্ত্র নেই, তেমন বার্ধক্য মাপারও কোনও স্কেল নেই। তবুও মস্তিষ্ক বুড়ো হয়। স্মৃতি ফিকে হয়। অনেকেই আক্রান্ত হন ডিমেনশিয়ায়।

বয়স বাড়লেই স্মৃতি ঝাপসা হবে, এটা মানা ভুল। চিকিৎসক এস এ মল্লিক বলছেন, ডিমেনশিয়া হঠাৎ হয় না, রোজের কিছু অনিয়মই ডেকে আনে এই রোগ। চিকিৎসক ৫টি সহজ উপায়ের কথা বলেছেন, যা মেনে চললে অল্প বয়সেও স্মৃতি থাকবে সতেজ, কমবে ডিমেনশিয়ার ঝুঁকি।

১. নিয়মিত শারীরচর্চা, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা

রোজ নিয়ম করে শারীরচর্চা করা ভীষণ জরুরি। যাঁরা প্রতিদিন জিমে যাওয়ার সময় পান না তাঁরা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট, অর্থাৎ রোজ ৩০ মিনিট করে ৫ দিন হাঁটালেই যথেষ্ট। হাঁটলে মস্তিষ্কে রক্তসঞ্চালন বাড়ে, মস্তিষ্কের কোষগুলি সক্রিয় থাকে। তাই শুধু ওজন নিয়ন্ত্রণে রাখতে বা ফিটনেস ধরে রাখতে নয়, মগজের বয়স কমাতেও জরুরি শারীরচর্চা।

২. ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন

এই তিনটিই মস্তিষ্কের শত্রু। প্রেশার, সুগার, কোলেস্টেরল বাড়লে মস্তিষ্কের ছোট ছোট রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়, যা ডিমেনশিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই নিয়মিত চেকআপ জরুরি।

৩. বই পড়ুন, আড্ডা দিন

একা ঘরে বন্দি থাকবেন না। বই পড়া, পাজ়ল, দাবা, নতুন কিছু শেখা যেমন মস্তিষ্ককে শাণিত করে, তেমনই বন্ধু, পরিবারের সঙ্গে আড্ডা, গল্প মস্তিষ্ককে ভাল রাখে। সামাজিক বিচ্ছিন্নতাই ডিমেনশিয়ার বড় কারণ। তাই যতই কাজের চাপ থাকুক না কেন বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কিংবা সামাজিক মেলামেশার জন্য সময় বার করতেই হবে।

৪. শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি রক্ষা করুন

কম শুনতে পাওয়া বা ঝাপসা দেখা মানেই মস্তিষ্কের উপর বাড়তি চাপ। বয়স অল্প হোক বা বেশি সময় মতো চোখ-কানের পরীক্ষা করান, প্রয়োজনে চশমা বা হিয়ারিং এইড ব্যবহার করুন। এতে মস্তিষ্কের উপর চাপ কমবে।

৫. পর্যাপ্ত ঘুম ও সঠিক খাওয়া

চিকিৎসকের মতে, যাঁরা কম ঘুমোন তাঁদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি। ঘুমের সময়ই মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে। পাশাপাশি প্রচুর শাকসব্জি, বাদাম, মাছ ডায়েটে রাখুন। ডায়েট থেকে বাদ দিন প্রক্রিয়াজাত খাবার, চিনি বা মিষ্টিজাতীয় খাবার।

ডিমেনশিয়া একদিনের অসুখ নয়, এটি জীবনযাপনের ফল। এখন থেকেই এই ৫টি অভ্যাস মেনে চললে, স্মৃতি থাকবে সতেজ।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy