সারা বছর জিমে না গেলেও এমন অনেকেই আছেন যাঁরা পুজোর আগে বেশ ফিট হতে চান। কায়দার পোশাকগুলি পরলে যেন এদিক-ওদিক থেকে মেদ উঁকি-ঝুঁকি না দিতে পারে, সেই কারণেই অনেকে জিমে ভর্তি হন। ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরিয়ে ব্যায়ামও করেন। জিমে ভর্তি হওয়ার কয়েক দিনের মাথায় অনেকের ত্বকে ব্রণের সমস্যা ভীষণ বেড়ে যায়। একটা-দু’টো নয়, গোটা মুখ জুড়েই দেখতে পাওয়া যায় লালচে ছোপ। অনেকের মনেই প্রশ্ন জাগে, শারীরচর্চা করলে তো ত্বক ভাল হওয়ার কথা, তা হলে কেন ব্রণের সমস্যা বাড়ছে?
শারীরচর্চার সঙ্গে কিন্তু ব্রণ হওয়ার সরাসরি কোনও যোগ নেই। তবে শারীরচর্চার পর ত্বকের সঠিক ভাবে যত্ন না নিলে এই সমস্যা হতেই পারে। ব্যায়াম করার পর মুখ ভাল করে শুকিয়ে তার পর ক্লিনজ়ারের সাহায্যে পরিষ্কার না করলে ঘাম আর সিবাম (ত্বক থেকে নির্গত তৈলাক্ত পদার্থ) মিশে গিয়ে মুখের রন্ধ্রগুলিকে বন্ধ করে দেয়। আর সেই থেকেই বাড়ে ব্রণের সমস্যা। শুধু মুখেই নয়, জিমের সময়ে খুব বেশি আঁটোসাঁটো জামাকাপড় পরলেও ঘাম বসে গায়ে র্যাশ বেরিয়ে যায় কারও কারও।
সমস্যা এড়াতে কী করবেন?
এই সমস্যা এড়াতে চাইলে জিমের সময়ে খুব বেশি আঁটোসাঁটো পোশাক না পরাই ভাল। তা ছাড়া জিম করার পর সবার আগে একটি ক্লিনজ়ার দিয়ে ত্বক পরিষ্কার করা জরুরি। আর তার পর মুখে মেখে নিতে হবে ময়েশ্চরাইজ়ার। বাড়ি ফিরে গায়ে ঘাম বসতে দেওয়া চলবে না। তাই সবার আগে স্নান সেরে নেওয়াই ভাল।