রক্তচাপ বেশি হলে ব্যায়াম করা যায় না, এমন ধারণা অনেকেরই আছে। কিন্তু রক্তচাপ যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, তা হলে ব্যায়ামের কোনও বিকল্প নেই। ফিটনেস প্রশিক্ষকেরা বলছেন, ওজন তুলে ব্যায়াম বা কার্ডিয়ো যদি না করতে পারেন, তা হলে শ্বাসের ব্যায়াম করলেও লাভ হবে। এমন কিছু প্রাণায়াম ও মুদ্রা আছে, যেগুলির নিয়মিত অভ্যাসে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
চেয়ার-যোগ ব্রিদিং
চেয়ারে সোজা হয়ে পিঠ টানটান করে বসুন। খেয়াল রাখবেন, ঘাড়, পিঠ ও মাথা যেন একই সরলরেখায় থাকে। দুই হাতের আঙুলগুলি একত্র করে কোলের উপর রাখতে পারেন, অথবা হাঁটুর উপরে দুই হাত জ্ঞানমুদ্রায় রাখতে পারেন। চোখ বন্ধ করে মন স্থির করতে হবে। একাগ্র চিত্তে দুই ভ্রুর মাঝখানে মন নিবদ্ধ করুন। এ বারে গভীর ভাবে শ্বাস টানুন, তা ধরে রাখুন অন্তত ১০ সেকেন্ড। এর পর ২০ সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।
আরও পড়ুন:
প্রাণমুদ্রা
প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে বসুন। শ্বাস-প্রশ্বাস একেবারে স্বাভাবিক থাকবে। পিঠ, কোমরও টান টান রাখতে হবে। এ বার দুই হাতের কনিষ্ঠা এবং অনামিকা একত্রিত করে বৃদ্ধাঙ্গুলের কাছাকাছি নিয়ে আসুন। খেয়াল রাখতে হবে অন্যান্য আঙুল যেন ভাঁজ না হয়। এই ভাবে দু’টি হাঁটুর উপর দু’হাত রেখে মিনিট দশেক শান্ত হয়ে বসে থাকার চেষ্টা করুন।
অপানমুদ্রা
দু’টি হাতের তর্জনী-মধ্যমা আর অনামিকা-কনিষ্ঠা জুড়ে রাখুন। এ বার অনামিকা এবং মধ্যমাকে পরস্পরের থেকে দূরে ঠেলে ইংরেজির ‘ভি’ অক্ষরের মতো আকার তৈরি করুন আঙুলের ফাঁকে। বুড়োআঙুল অনামিকার গোড়ায় স্পর্শ করে রাখুন। এই অবস্থায় পদ্মাসনে বসে দু’টি হাত হাঁটুর উপর রাখতে পারেন।