সকালবেলা ঘুমচোখ খুলে গরম এক কাপ কফি না খেলে দিনটা যেন শুরুই হতে চায় না। স্বাদে তিতকুটে, অম্ল, গাঢ়, কালো কফিই কারও কাছে উদ্দীপকের কাজ করে। কেউ আবার লিভার ভাল রাখতে ঘন ঘন কফিতে চুমুক দিচ্ছেন।
কফিপ্রেমী মানুষের বাড়িতে বিভিন্ন ধরনের কফি মজুত থাকে। কফির গুণগত মান অনুযায়ী দামেরও অনেক হেরফের। তবে কফি ঠিকঠাক ভাবে মজুত করে না রাখলেই তা নষ্ট হয়ে যায় মাসখানেকের মধ্যে। বর্ষাকালে এই সমস্যা আরও বাড়ে। তাই বাড়িতে বিভিন্ন ধরনের কফি মজুত রাখতে হলে জানতে হবে সঠিক কৌশল।
অনেকেই কফির শিশি ফ্রিজে রাখেন। আর্দ্রতা কফির গুণমান খারাপ করে দেয়। তাই ভুলেও এই ভুল করবেন না। বাইরে রেখেও বছরখানেক ভাল থাকবে কফি। এ ক্ষেত্রে কফি প্যাকেট থেকে বার করে বায়ুনিরোধী পাত্রে ঢেলে রাখুন। পাত্রটি বন্ধ করার আগে তার ভিতর একটি টিস্যু পেপার মুড়িয়ে রেখে দিন। নির্দিষ্ট সময় অন্তর অন্তর টিস্যু পেপারটি বদলাতে ভুলবেন না যেন।