Advertisement
E-Paper

শুধু ভাইরাল জ্বর নয়, লিভারের মারাত্মক রোগেও আক্রান্ত হচ্ছে শিশুরা, বাবা-মায়েদের জানা জরুরি

খামখেয়ালি আবহাওয়ায় একাধিক সংক্রামক রোগ মাথাচাড়া দিয়েছে। ভাইরাল জ্বর তো আছেই, সঙ্গে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপও বেড়েছে। সেই সঙ্গে লিভারের এক অসুখও ছড়াচ্ছে। বাবা-মায়েদের যা জেনে সতর্ক হওয়া জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৪
Rising Cases of Pediatric Hepatitis in Changing Weather, What Every Parent Needs to Know

লিভারের অসুখ ছড়াচ্ছে ছোটদের, কী থেকে সাবধান হবেন? ফাইল চিত্র।

জ্বর ও পেটের রোগ এখন ঘরে ঘরে। খামখেয়ালি আবহাওয়ায় একাধিক ভাইরাস-ব্যাক্টেরিয়ার উৎপাত বেড়েছে। ফলে নানা অসুখবিসুখও মাথাচাড়া দিয়েছে। চিকিৎসকেরা বলছেন, শুধু ভাইরাল জ্বর নয়, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপও এখন বেশি। হালকা কোভিডের মতো সংক্রমণও হচ্ছে অনেকের। তার মধ্যেই লিভারের অসুখ নিয়ে চিন্তা বেড়েছে। আক্রান্ত হচ্ছে ছোটরাই।

দূষিত জল, খাবার ও ভাইরাসের সংক্রমণ থেকে হেপাটাইটিসের প্রকোপ বেড়েছে। হেপাটাইটিস-এ এবং ই সংক্রমিত হয় দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে। আর হেপাটাইটিস-বি, সি এবং ডি সংক্রমিত হয় রক্তের মাধ্যমে। চিন্তার কারণ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি। কারণ এই দুই ভাইরাসই ছড়াতে পারে সংস্পর্শ থেকে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) তথ্য বলছে, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, রাস্তায় বিক্রি হওয়া খাবার বা প্যাকেটজাত খাবার খাওয়ার প্রবণতার কারণেই হেপাটাইটিসের বাড়বাড়ন্ত হচ্ছে ছোটদের মধ্যেও। হেপাটাইটিসের ভাইরাস একবার শরীরে প্রবেশ করলে সেখানেই ঘাপটি মেরে বসে থাকে এবং ধীরে ধীরে ডালপালা মেলে লিভারের ক্ষতি করতে শুরু করে। হেপাটাইটিস থেকে লিভার বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার আশঙ্কা বেশি থাকে।

লক্ষণ চিনে সতর্ক থাকুন

হেপাটাইটিসের ভাইরাস শরীরে ঢুকলে বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে, একে চিকিৎসার পরিভাষায় বলে ‘হাইপারবিলিরুবিনেমিয়া’। তখন চোখ, ত্বক হলুদ হতে থাকে। প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়, হালকা জ্বর থাকে। শিশুর পেটের উপরের ডান দিকে ব্যথা হতে পারে, সেই সঙ্গেই বমি ভাব থাকে।

বাবা-মায়েদের খেয়াল রাখতে হবে শিশু যেন একেবারেই বাইরের খাবার বা জাঙ্ক খাবার না খায়। প্যাকেটজাত পানীয় বা ফলের রসও খাওয়াবেন না। বাড়িতে টাটকা ফল দিয়ে শরবত বানিয়ে দিন।

শরীরে জলের ঘাটতি হলে চলবে না। শিশুকে পর্যাপ্ত জল পান করাতে হবে।

ফ্রিজে রাখা বাসি খাবার, কাটা ফল বা কাঁচা আনাজের স্যালাড ছোটদের দেবেন না। এর থেকেই সবচেয়ে বেশি ভাইরাস ছড়াতে পারে।

শৌচাগার ব্যবহারের পর হাত ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে। ছোটদের ব্যবহারের জিনিসপত্রও পরিচ্ছন্ন রাখুন।

এক বছর এবং তার বেশি বয়সি শিশুদের হেপাটাইটিসের টিকা দিয়ে রাখতে হবে। হেপাটাইটিস সি বেশির ভাগ ক্ষেত্রেই অজান্তে থাবা বসায়। রোগ ছড়ানোর অনেক পরে ধরা পড়ে। তাই সময় থাকতে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

Hepatitis liver diseases liver health

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy