খিদে পেলেই কি চিপ্সের প্যাকেট খুলে বসেন? অভিনেত্রী সোহা আলি খান দেখালেন, চিপ্স খাওয়ার ইচ্ছে মেটাতে পারেন একটু অন্য ভাবে। যাতে চিপ্সের স্বাদও পাবেন, আবার পুষ্টিকর উপাদানও পৌঁছোবে শরীরে। বিশেষ স্ন্যাক্স বানানোর পন্থা শিখিয়ে জলশূন্যতার সমস্যা এড়ানোর বন্দোবস্ত করে দিলেন তিনি।
সোহা আলি খানের ভিডিয়ো। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
কী কী প্রয়োজন এই স্ন্যাক্স বানানোর জন্য?
১টি বড় শসা
এক কাপ জল ঝরানো ঘন টক দই
অর্ধেক লেবুর রস
একমুঠো চিপ্স
এক চিমটে অরিগ্যানো
এক চিমটে রসুনগুঁড়ো
স্বাদমতো নুন
কী ভাবে বানাবেন?
প্রথমে শসা ভাল করে ধুয়ে লম্বালম্বি দু’ভাগ করে কেটে নিন। চামচ দিয়ে ভিতরের বীজের অংশ কিছুটা তুলে ফেলুন, যাতে শসার মধ্যে পুর ভরার মতো জায়গা তৈরি হয়।
এ বার একটি পাত্রে ঘন টক দই নিন। তাতে পাতিলেবুর রস, সামান্য রসুনের গুঁড়ো, অরিগ্যানো, নুন মিশিয়ে দিন পরিমাণমতো।
সব উপকরণ ভাল করে মিশে গেলে শসার মাঝখানের ফাঁকা অংশে এই দইয়ের মিশ্রণ ভরে দিন।
অন্য দিকে, আর একটি বাটিতে খানিকটা চিপ্স নিয়ে গুঁড়ো করে নিন হাত দিয়ে চেপে।
এ বার দইয়ের পুর ভরা শসার উপরে চিপ্স ছড়িয়ে দিন। চাইলে চিপ্সের টুকরো গোটা অবস্থাতেও সাজিয়ে দিতে পারেন।
তবে পরিবেশনের ঠিক আগে চিপ্স দিলে তার মুচমুচে ভাব বজায় থাকবে।
ব্যাস, তৈরি সোহা আলি খানের সহজ জলখাবার!
একটি ইনস্টাগ্রাম পোস্টে চটজলদি এই মুখরোচক স্ন্যাক্স বানিয়ে দেখালেন সোহা। তাঁর ভিডিয়ো দেখেই বোঝা যাবে, মিনিট পাঁচেকের মধ্যে খাবারটি বানানো হয়ে যাবে। সোহা নিজের বানানো খাবার চেখে জানালেন, তা নাকি বড়ই উপাদেয়। নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে, ঠান্ডা এবং জলসমৃদ্ধ একটি জলখাবার। রান্নার ঝামেলা নেই, উপকরণও হাতের কাছে। ব্যস্ত দিনে বা বিকেলের খিদে মেটাতে এই পদটি সহজেই তৈরি করে নেওয়া যায়।