মন শান্ত করতে, দিনভরের ঝক্কি, কাজ সামলাতে ধ্যান, প্রাণায়ামের পরামর্শ দেন মনোবিদেরা। সমাজমাধ্যম খুললেই এমন পরামর্শ অঢেল। কিন্তু কাজটি যে সহজ নয়, চেষ্টা করলেই টের পাওয়া যায়। ২ মিনিট চোখ বুঁজে বসলে এত ভাবনা মাথায় আসে, যা বোধ হয় সাধারণ সময়েও থাকে না। মন কখনও এটা ভাবে তো, কখনও অন্যটা। তাই ধ্যান আপনার কর্ম নয় বলে হাল ছাড়ছেন? তার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।
১। শিরদাঁড়া সোজা করে টান টান হয়ে বসার পরে যদি হাজারো চিন্তা মাথায় আসে, সেগুলিকে আসতে দিন। চিন্তা আসবে, চলেও যাবে। কিন্তু চোখ বুজে বসে থাকার অভ্যাসটি গড়ে তুলতে হবে। নিয়ম করে একই সময় শুধু চোখ বুজে বসে থাকার চেষ্টা করতে হবে।
২। মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। তাই মন দিন শ্বাস-প্রশ্বাসে। প্রাণায়াম করতে শুরু করলে ধীরে ধীরে মন শান্ত হবে।
৩। হতাশ না হয়ে কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে ভাবতে শুরু করুন। একসময় নিজেই অবাক হতে পারেন ভেবে যে, মন শ্বাস-প্রশ্বাসে নিবদ্ধ হচ্ছে বা বেশ কয়েক দিনের অভ্যাসে একসময় একটি বিষয়েই চিন্তা সীমাবদ্ধ হচ্ছে।
৪। অভ্যাস রপ্ত করতে হলে, মন বিক্ষিপ্ত হলেও নিয়ম করে ধ্যানে বসা জরুরি। ইচ্ছা করুক বা না করুক, ঘড়ি ধরে চুপ করে বসার অভ্যাস করলেই, একসময় মনোজগতে বদল আসবে। তবে তার জন্য কয়েক মাসের চেষ্টার প্রয়োজন হতে পারে।