Advertisement
E-Paper

রক্তাল্পতায় ভুগছেন? কেবল পালং বা কুলেখাড়া নয়, সুস্বাদু লাল পরোটাও থাকুক পাতে, রইল পদ্ধতি

রক্তাল্পতায় ভুগলে কেবল স্বাস্থ্যকর খাবার নয়, সুস্বাদু খাবারও পাতে রাখতে পারেন। আর তেমনই একটি খাবার হতে পারে লাল পরোটা। কী ভাবে বানাবেন তা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২১:১৬
সুস্বাদু পরোটা হতে পারে পুষ্টিকরও।

সুস্বাদু পরোটা হতে পারে পুষ্টিকরও। ছবি: সংগৃহীত।

রক্তাল্পতায় ভুগছেন? নানা ধরনের সাপ্লিমেন্টের পাশাপাশি কুলেখাড়া, পালংশাক, লালশাক, বেদানা ইত্যাদিও খাওয়ানো হয় বাড়িতে। কিন্তু কেবল স্বাস্থ্যকর খাবার নয়, সুস্বাদু খাবারও পাতে রাখতে পারেন এ সময়ে। আর তেমনই একটি খাবার হতে পারে লাল পরোটা। এতে থাকে কালো ছোলা এবং বিট।

কালো ছোলায় রয়েছে আয়রন, ফোলেট এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। ১০০ গ্রাম কালো ছোলায় ফাইবার মেলে ১৮ গ্রাম। প্রোটিন মেলে ১০ গ্রাম। গ্লাইসেমিক ইনডেক্সও কম এই ছোলায়। কালো ছোলা হাড় মজবুত রাখতে সাহায্য করে। ফাইবার থাকায় পেটের জন্যও ভাল। আয়রন থাকায় রক্তের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে। অন্য দিকে, পুষ্টিগুণে ভরপুর সব্জি বিট। প্রাকৃতিক নাইট্রেট রক্তনালী প্রশস্ত করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদ্‌যন্ত্রের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এর আয়রন ও ফোলেট উপাদান রক্তাল্পতা প্রতিরোধে দারুণ কার্যকর। তাই বাড়িতে বানিয়ে খাওয়ানো যেতে পারে রোগীকে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

কী কী প্রয়োজন?

দেড় কাপ জলে ভেজানো কালো ছোলা

একটি মাঝারি পেঁয়াজ (কুচোনো)

২-৩ কোয়া রসুন

২ ইঞ্চি আদা

১টি ছোট বিট (খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা)

২৫০ মিলিলিটার জল

স্বাদমতো নুন

১ কাপ ময়দা

১ চা-চামচ জোয়ান

১ চা-চামচ ভাজা জিরেগুঁড়ো

১ চা-চামচ লঙ্কাগুঁড়ো

২ টেবিলচামচ টক দই

২টি কাঁচা লঙ্কা (মিহি করে কুচোনো)

একমুঠো ধনেপাতা (কুচি করা)

রান্নার জন্য তেল

কী ভাবে বানাবেন?

একটি প্রেশার কুকারে ভেজানো কালো ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, বিট, নুন এবং ২৫০ মিলিলিটার জল দিন। প্রায় ৭-৮টি সিটি পর্যন্ত অপেক্ষা করে গ্যাস বন্ধ করে দিন। ছোলা পুরোপুরি নরম না হওয়া পর্যন্ত প্রেশার কুকারে রান্না করতে হবে।

সেদ্ধ করা উপকরণগুলি ঠান্ডা হতে দিন, তার পর ব্লেন্ড করে একটি মসৃণ ও ঘন পেস্ট তৈরি করুন।

মিশ্রণটি একটি বড় বাটিতে ঢেলে নিন। এ বার তাতে ময়দা, জোয়ান, ভাজা জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, দই, কুচোনো লঙ্কা এবং ধনেপাতা যোগ করুন। সব কিছু ভাল ভাবে মেখে একটি নরম মণ্ড তৈরি করুন। প্রয়োজনে জল অল্প অল্প করে যোগ করতে পারেন।

মাখা ময়দা গোল বলের মতো আকার দিন। বেলনচাকিতে সামান্য ময়দা ছিটিয়ে প্রতিটি লেচি দিয়ে গোল পরোটা বেলে নিন। আঠালো মনে হলে, বেলার সময়ে আরও একটু ময়দা ব্যবহার করুন।

মাঝারি আঁচে একটি তাওয়া গরম করে তার উপর বেলা পরোটাটি রাখুন। প্রয়োজনমতো সামান্য তেল দিয়ে দু’পাশ সেঁকে নিন। যতক্ষণ না সোনালি ছোপ দেখা যায়। তার পর এক এক করে গরম গরম পরোটা পরিবেশন করুন।

Paratha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy