শিশু থেকে বড়, সবার জন্যই আপেল খাওয়া ভাল। এমনকি ডায়াবেটিকেরাও এই ফল খেতে পারেন। কিন্তু আপেল কেটে বেশি ক্ষণ খোলা হওয়ায় রেখে দিলেই মুশকিল। আপেলের ভিতরের সাদা অংশ খয়েরি বা লালচে বর্ণ ধারণ করে। তার ফলে কেটে রাখা আপেল অনেক সময়ে খেতেও স্বাদহীন মনে হতে পারে।
কাটা আপেল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায়। ফলে আপেলের রং বদলে লালচে বা কালচে হয়ে যায়। বিষয়টিকে ‘এনজ়াইম্যাটিক ব্রাউনিং’ বলা হয়। আপেল কাটার সময় তা থেকে পলিফেনল অক্সিডেজ় নামক এক প্রকার উৎসেচক নির্গত হয়। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার ফলে আপেলের গায়ে তা খয়েরি বর্ণের মেলানিন তৈরি করে।
কী করলে কেটে রাখার পরেও আপেলে লালচে ভাব আসবে না?
অল্প পরিমাণে নুন গোলা জলে কাটা আপেল রাখলে তার বর্ণ পরিবর্তন হবে না। ১০ মিনিট রাখার পর ঠান্ডা জলে আপেলের টুকরোগুলি ধুয়ে নিতে হবে। এই পদ্ধতিতে কাটা আপেল টিফিনে ভরে দিলে বেশ কিছুক্ষণ পর্যন্ত তাজা থাকবে।