দিনভর ল্যাপটপের সামনে ঘাড় গুঁজে কাজ। মাথা তোলার ফুরসত থাকে না। একটানা কাজ করলে ঘাড়-কাঁধে ব্যথা হওয়া স্বাভাবিক। স্পন্ডিলাইটিসের ব্যথাও ভোগায় অনেককে। এই সমস্যা যাঁদের থাকে, তাঁদের অনেকেরই যখন-তখন মাথাঘোরা, মাথা যন্ত্রণার সমস্যাও থাকে। এই ব্যথা মানেই যে মাইগ্রেন বা সাইনাসের কারণে ব্যথা, তা কিন্তু নয়। অনেকেরই দেখবেন, মাথার শুধু একটি পাশে ব্যথা হয়। সেই ব্যথা টানা চলতে থাকে। মাথার একটি দিকের ব্যথা মাসের পর মাস ভোগাতে পারে। ওষুধ খেয়ে বা মলম লাগিয়েও সহজে সারে না। এমন ব্যথাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে ‘হেমিক্রেনিয়া কন্টিনিউয়া’। অনেক সময়ে স্পন্ডিলাইটিসের কারণেও এমন ব্যথা ভোগাতে পারে। আবার ভার্টিগো থেকেও তা হতে পারে। এর সমাধান ওষুধে নয়, বরং সহজ যোগেই হতে পারে।
পাশাসন হল যোগাসনের এমন এক পদ্ধতি, যা নিয়মিত অভ্যাসে শরীরের ব্যথা-বেদনা দূর হয়। এই আসন অভ্যাস করার সময়ে দেহের ভঙ্গি এমন হবে, যেন দেখে মনে হয় শরীরটা কোনও কিছুর সঙ্গে জড়িয়ে বা পেঁচিয়ে রয়েছে। ইংরেজিতে এই পাশাসন ‘নুজ় পোজ়’, ‘রোপ পোজ়’ নামেও পরিচিত।
কী ভাবে করবেন?
১) প্রথমে ম্যাটের উপর হাঁটু মুড়ে উবু হয়ে বসুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
২) এ বার ডান হাঁটু এমন ভাবে রাখতে হবে, তা যেন বাঁ হাতের বাহুমূলের সঙ্গে আটকে থাকে। বাঁ হাতের তালু ঘুরিয়ে নিয়ে যান কোমরের কাছে।
৩) শরীরের উপরিভাগ মোচড় দিয়ে বাঁ দিকে ঘোরান। ডান হাতটি কোমরের পিছন দিয়ে ঘুরিয়ে বাঁ হাতের কাছে নিয়ে যান। দু’টি হাত মুষ্টিবদ্ধ করে রাখতে পারলে ভাল হয়।
আরও পড়ুন:
৪) এই ভঙ্গিমা ধরে রাখার সময়ে মাটি থেকে গোড়ালি ধীরে ধীরে তোলার চেষ্টা করুন। অর্থাৎ, পায়ের আঙুলের উপর গোটা শরীরের ভার রাখতে হবে। তবে গোড়ায় তা করতে না পারলে জোর করে করার চেষ্টা করবেন না। উবু হয়ে বসেই আসনটি করা যাবে।
৫)এই অবস্থানে থাকুন ৩০ সেকেন্ড। তার পর আবার আগের অবস্থানে ফিরে আসুন।
উপকারিতা
সার্ভাইকাল স্পন্ডিলোসিস-সহ মেরুদণ্ডের যে কোনও সমস্যার জন্য এই আসনটি বেশ উপকারী।
পিঠ-কোমরের ব্যথা সারাতেও আসনটি উপযোগী।
ফ্রোজ়েন শোল্ডারের সমস্যায় ঘাড় শক্ত হয়ে গেলে এই আসনটি করতে পারেন।
ভার্টিগোর সমস্যা দূর হবে নিয়মিত আসনটি অভ্যাসে।
মাথাব্যথা, মাইগ্রেনের ব্যথা থেকে রেহাই পাওয়া যাবে।
আসনটি অভ্যাসে মনঃসংযোগ বাড়বে, যাবতীয় উদ্বেগ, দুশ্চিন্তা কমে যাবে।
কারা করবেন না?
অন্তঃসত্ত্বা অবস্থায় আসনটি করা যাবে না।
স্লিপ ডিস্কের সমস্যা থাকলে আসনটি করবেন না।