Advertisement
E-Paper

মাখানা এবং পপকর্ন দুই-ই স্বাস্থ্যকর, তবে ওজন ঝরাতে কোনটি কী ভাবে খাওয়া ভাল?

স্বাস্থ্যসচেতনদের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে মাখানা। কিন্তু ওজন কমাতে চাইলে পপকর্ন না মাখানা, কোনটি খাওয়া বেশি স্বাস্থ্যকর?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৭:২৯
পপকর্ন না মাখানা ওজন কমানোর জন্য কোনটি ভাল?

পপকর্ন না মাখানা ওজন কমানোর জন্য কোনটি ভাল? ছবি:সংগৃহীত।

আলো-আঁধারি প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সঙ্গে পপকর্নের সঙ্গতটি দারুণ। তবে পপকর্নকে শুধু খেলা দেখা বা সিনেমা দেখার সময়কার মুখোরোচক খাবারের তালিকায় ফেলাটা ভুল। ভুট্টার দানা, বালিতে ভেজে পপকর্ন তৈরি হয়। তা খেতেও ভাল, স্বাস্থ্যকরও। আবার ইদানীং স্বাস্থ্যসচেতনদের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে মাখানা। ভিটামিন এবং খনিজে ভরপুর মাখানাও কম উপকারী নয়। কিন্তু ওজন কমাতে চাইলে পপকর্ন না মাখানা, কোনটি খাওয়া বেশি স্বাস্থ্যকর? ভাজাভুজির বদলে মাখানা এবং পপকর্ন— দু’টিই ভাল বিকল্প। তবে এদের মধ্যে কোনটি ওজন কমাতে বেশি সাহায্য করবে, তা নির্ভর করে খাওয়ার নিয়মের উপর।

মাখানা

মাখানা হালকা, মুচমুচে একটি খাবার। পানিফলের মতো জলাভূমির এই ফসল কিন্তু বেশ পুষ্টিকর। পদ্মের বীজ থেকে তৈরি সাদা রঙের মাখানা বাজারে প্যাকেটে কেনা যায়।

রক্তে শর্করা বাড়ে না: গবেষণায় দেখা গিয়েছে, শুকনো খোলায় ভাজা বা অল্প ঘি দিয়ে ভাজা মাখানা খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না।

এতে ফ্যাট অনেক কম থাকে। সেই সঙ্গে কিছুটা প্রোটিন এবং ফাইবারও মেলে।

পুষ্টিবিদেরা বলছেন, মাখানায় রয়েছে ভাল মানের ফাইবার, যা অন্ত্র ভাল রাখতে সাহায্য করে। এ ছাড়াও প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ রয়েছে এতে। যেহেতু মাখানায় ম্যাগনেশিয়াম রয়েছে, তাই হার্ট ভাল রাখতেও সাহায্য করে এটি। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর মাখানার গ্লাইসেমিক ইনডেক্সও কম। তাই ডায়াবেটিকদের জন্য এই খাবার নিরাপদ।

সতর্কতা: মাখানা পুষ্টিকর হলেও ওজন অনুপাতে এতে ক্যালোরি নেহাত কম নয়। তার উপর ঘি দিয়ে ভাজলে, বাদাম যোগ করলে ক্যালোরির মাত্রা আরও একটু বাড়বে। তাই বড় এক বাটি মাখানা এক বারে খেয়ে ফেললে অনেকটাই ক্যালোরি জমা হবে।

পপকর্ন

ভুট্টার বীজ বালিতে ভেজে তৈরি পপকর্নও স্বাস্থ্যকর খাবার। এতে যথেষ্ট মাত্রায় ফাইবার মেলে। এটি ওজনে খুব হালকা হলেও পেট ভরে যায় এবং অনেকক্ষণ খিদে পায় না।

সতর্কতা: যন্ত্রে নয়, বালিতে ভাজা পপকর্নই খেতে হবে। স্বাদবৃদ্ধির জন্য এতে মাখন, চিনি, চিজ় মেশালে ক্যালোরির মাত্রা বাড়বে। ফলে নিয়মিত খেতে হলে, ক্যালোরি নিয়ন্ত্রণ করা মুশকিল হবে।

পপকর্ন না মাখানা?

১০০ গ্রাম পপকর্ন এবং মাখানায় ক্যালোরির খুব বেশি তারতম্য না হলেও, পপকর্নে থাকা ফাইবার পেট ভরাতে সাহায্য করে। ভিটামিন এবং খনিজ দুই খাবারেই মেলে। তেল-ঘি ছাড়া শুকনো খোলায় সামান্য ভেজে এবং পরিমাণ মেপে খেলে মাখানাও ওজন কমানোর জন্য যথেষ্ট ভাল।

Popcorn Makhana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy