Advertisement
E-Paper

জ্বর নেই, গলাব্যথাও সেরেছে, সোয়াইন ফ্লু থেকে উঠে ক্লান্তি কেন কাটছে না?

সোয়াইন ফ্লু থেকে সেরে ওঠার পরেও পুরোপুরি সু্স্থ হতে সময় লাগছে? ক্লান্তি কাটছে না? এর কারণ ব্যাখ্যা করলেন চিকিৎসক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৪
Recovered from H1N1 but Still Exhausted, Here’s Why Post-Flu Fatigue Happens

ফ্লু সারলেও ক্লান্তি কাটতে চায় না কেন? ছবি: সংগৃহীত।

দিল্লি, মুম্বই থেকে বেঙ্গালুরু— ক্রমশ বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা। হঠাৎ করে তীব্র জ্বর, কাঁপুনি ও গলাব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা সোয়াইন ফ্লুয়ের লক্ষণ। সংক্রমণ বেশি হলে শ্বাসনালিতে প্রদাহ হতে পারে, সে ক্ষেত্রে রোগী শ্বাকষ্টেও ভুগতে পারেন। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এ নিয়ে আতঙ্ক বা উদ্বেগের কোনও কারণ নেই। সঠিক চিকিৎসায় রোগী সম্পূর্ণ সেরে উঠতে পারেন।

তবে রোগ থেকে সেরে উঠলেও অনেক সময় ক্লান্তি দোসর হয়। জ্বর, গলাব্যথা সেরে গেলেও শরীরে তেমন জোর থাকে না। এর কারণ কী? চিকিৎসকেরা বলছেন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু থেকে সেরে ওঠার পরে ক্লান্তি স্বাভাবিক বিষয়। বিহারের একটি বেসরকারি হাসপাতালের ফুসফুসের চিকিৎসক অঙ্কিতকুমার সিংহের কথায়, ‘‘ক্লান্তি মানেই সংক্রমণ রয়ে গিয়েছে, তা নয়। আসলে, রোগের মোকাবিলায় শরীরের নিজস্ব শক্তি কমে যায়। ফলে ক্লান্তি দোসর হয়।’’

শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে তার বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা। ভাইরাস ঠেকাতে শরীরেরও অনেকটা শক্তিক্ষয় হয়। রোগ সারলেও, তাই সম্পূর্ণ সুস্থ হতে একটু সময় লাগে। যেমন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শরীরে ঢুকলে শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাও লড়াইয়ে নামে। তার ফলে শরীরে প্রদাহ সৃষ্টি হয়। প্রচণ্ড জ্বর, মাথা যন্ত্রণা, ঠিক ভাবে খেতে না পারার প্রভাব পড়ে শরীরেও। দেখা যায়, জ্বর কমলেও শরীরের ধকল দু’দিনে কাটে না।

যে কোনও বড় অসুখের ধাক্কা সামলে এক দিনে সেরে ওঠা যায়, সেটা ভাবাও ঠিক নয়, মনে করাচ্ছেন চিকিৎসকেরা। ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের মাত্রা, তার সঙ্গে শরীরকে কী ভাবে যুঝতে হয়েছে, তার উপর নির্ভর করে কত দিনে ক্লান্তি কাটবে। ভাইরাল জ্বর বা সোয়াইন ফ্লুয়ের মতো অসুখের পর গায়ের জোর পুরোপুরি ফিরে পেতে ১-৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সঠিক ঘুম, খাওয়া এবং বিশ্রামই ক্লান্তি কাটিয়ে ওঠার উপায়।

তবে যদি দেখা যায়, ২-৩ সপ্তাহ পরেও ক্লান্তি একেবারেই কাটছে না, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। বিশেষত শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথাঘোরার মতো উপসর্গ থাকলে সাবধানতা জরুরি।

ক্লান্তি কাটবে কী ভাবে

পর্যাপ্ত ঘুম এবং সঠিক পুষ্টি এ ক্ষেত্রে জরুরি। দরকার পরিমাণমতো জল বা তরল খাবার খাওয়া। ডিম, দুধ, মুরগির মাংস, পনির, ফল, টাটকা সব্জি রাখতে হবে পাতে। কম তেল-ঝাল মশলায় তৈরি ঘরোয়া খাবারই শরীর পুরোপুরি সারিয়ে তুলতে সাহায্য করবে।

Swine flu Fatigue reduction food Fatigue reducing Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy