কুমারী পুজোয় কুমারীদেবীকে দান বা উপহার দিয়ে খুশি করার প্রচলন আছে। এই দান বা উপহার খুব সাধারণ বিষয় হলেও দানের ফল অসাধারণ হতে পারে। কুমারী পুজোয় দান করলে বিশেষ ফল লাভ হয়। তবে, কী দানে বিশেষ ফলপ্রাপ্তি হবে, তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। যেমন ব্যক্তি বিশেষের কোন গ্রহে সমস্যা, কোন গ্রহ নীচস্থ, সেই অনুযায়ী দান করা উচিত। তবে, যাঁদের তেমন কোনও সমস্যা নেই বা কোন গ্রহ অনুসারে দান করা উচিত জানেন না, তাঁদের ক্ষেত্রে নিজের জন্মসংখ্যা অনুযায়ী দান করলে সুফল প্রাপ্তি হয়।
জন্মসংখ্যা অনুযায়ী কে কী দান করবেন?
১ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা চুনি বা লাল আমেরিকান ডায়মন্ডের গয়না, তামার জিনিস, লাল বস্তু, লাল বস্ত্র ইত্যাদি দান করতে পারেন।
২ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা দুধ বা দুগ্ধজাত জিনিস, রুপো, শাঁখ, শাঁখের যে কোনও জিনিস, মুক্তো বা মুক্তোর গয়না, সাদা বা রুপালি বস্ত্র দান করতে পারেন।
৩ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা সোনা, হলুদ পাথরের গয়না, হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি ইত্যাদি দান করতে পারেন।
৪ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা বৈদ্যুতিন বস্তু, ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত জিনিস, ডিজিটাল ঘড়ি, অ্যালকোহল-যুক্ত প্রসাধনী ইত্যাদি দান করতে পারেন।
৫ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা বই, কলম, বিদ্যার যে কোনও জিনিস, সবুজ বস্তু, রুপো, পান্না, সবুজ পাথরের অলঙ্কার ইত্যাদি দিতে পারেন।
৬ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা অ্যালকোহলবিহীন প্রসাধন সামগ্রী, আতর, হিরের গয়না, সাদা আমেরিকান ডায়মন্ডের অলঙ্কার, সাদা পোশাক, সাদা জিনিস, চকোলেট ইত্যাদি দান করতে পারেন।
৭ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা কম্বল, স্টিলের দ্রব্য, বৈদ্যুতিন জিনিস, ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত জিনিস দান করতে পারেন।
৮ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা তেল, নতুন পাদুকা, সাধারণ ঘড়ি, নীল জিনিস, নীল বস্ত্র, নীল পাথরের গয়না ইত্যাদি দান করতে পারেন।
৯ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা লাল প্রবালের অলঙ্কার, লাল পাথরের গয়না, তামার জিনিস, লাল বস্তু ইত্যাদি দান করতে পারেন।