বাস্তুশাস্ত্র অনুযায়ী, বসার ঘর হল বাড়ির এমন একটি জায়গা, যেখানে ইতিবাচক শক্তির সঠিক প্রবাহ পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। বসার ঘরে পরিবারের সদস্যেরা একত্রিত হন এবং অতিথিদেরও অধিকাংশ সময় এই ঘরে আপ্যায়ন করা হয়। সে কারণে অন্দরমহলের এই ঘরটিকে ইতিবাচক শক্তির কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। বাস্তুমতে, বসার ঘর সাজানোর সময় দিক এবং আসবাবপত্রের সঠিক অবস্থান মাথায় রাখা অত্যন্ত জরুরি। ঠিক জায়গায় ঠিক জিনিস রাখলে তা শক্তির প্রবাহকে প্রভাবিত করতে পারে। এমনকি, এর ফলে বাড়িতে সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আসে। বসার ঘরের কোন দিকে, কোন জিনিস থাকলে তা পরিবারের সদস্যদের জীবনে শুভ প্রভাব ফেলে তা নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—
দরজা
বসার ঘরের মূল প্রবেশদ্বারটি উত্তর, পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত। বাস্তুমতে, এই দিকগুলি ইতিবাচক শক্তি, প্রাচুর্য এবং নতুন সুযোগের সঙ্গে সম্পর্কিত। দরজার চারদিকে যেন সর্বদা পরিষ্কার থাকে এবং জায়গাটিতে পর্যাপ্ত আলো পৌঁছোতে পারে।
সোফার অবস্থান
সোফা বা রিক্লাইনারের মতো ভারী আসবাবপত্র বসার ঘরের দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিকে রাখা উচিত। পরিবারের সদস্যেরা পরস্পরের সঙ্গে কথা বললে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন। মনে করা হয়, এটি ইতিবাচক যোগাযোগ এবং সম্প্রীতিকে উৎসাহিত করে।
আরও পড়ুন:
টেলিভিশন
টিভি বা যে কোনও বৈদ্যুতিন সামগ্রী রাখার সবচেয়ে ভাল জায়গা বসার ঘরের দক্ষিণ-পূর্ব কোণ। টিভি কখনও উত্তর-পূর্ব কোণে রাখবেন না। এর ফলে ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে।
শীতাতপ যন্ত্র
পরিবেশ ঠান্ডা রাখার জন্য অনেকেই বসার ঘরে শীতাতপ যন্ত্র লাগাতে পছন্দ করেন। বাস্তুমতে, ঘরের পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকের দেওয়ালে শীতাতপ যন্ত্র বসানো শুভ বলে মনে করা হয়।
ছবি
ঘরের পূর্ব দিকের দেওয়ালে উদীয়মান সূর্য, সাতটি ছুটন্ত ঘোড়া অথবা প্রকৃতির সুন্দর ছবি ঝোলাতে পারেন। বসার ঘরের দেওয়ালে এই ধরনের ছবিগুলি লাগালে তা বাড়িতে সমৃদ্ধি আনে। যুদ্ধ, হিংস্র পশু, কাঁটাঝোপ বা একাকিত্বের অনুভূতি দেয় এমন কোনও ছবি বসার ঘরে রাখা একদমই উচিত নয়।
ইন্ডোর প্ল্যান্ট
ঘরের উত্তর-পূর্ব কোণে মানি প্ল্যান্ট বা ছোট কোনও ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন। তবে বসার ঘরে ক্যাকটাস বা অন্য কোনও কাঁটা জাতীয় গাছ রাখবেন না। তার ফলে পরিবারের সদস্যদের জীবনে অশুভ প্রভাব পড়তে পারে।
অ্যাকোয়ারিয়াম
অন্দরসজ্জার জন্য ফোয়ারা অথবা অ্যাকোয়ারিয়াম রাখতে চাইলে তা ঘরের উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখুন। বাস্তুমতে, বসার ঘরের এ দিকগুলিতে জলের উপস্থিতি আর্থিক উন্নতির জন্য শুভ বলে মনে করা হয়।
বসার ঘর রং করার জন্য এমন হালকা রং নির্বাচন করা প্রয়োজন যা চোখকে আরাম দেয়। সাদা, হালকা হলুদ, ক্রিম, অফ-হোয়াইট, হালকা নীল অথবা হালকা সবুজ রং বসার ঘরের জন্য শুভ বলে বিবেচিত হয়। দেওয়ালে খুব বেশি গাঢ় রং, বিশেষ করে কালো বা গাঢ় লাল রং ব্যবহার না করাই শ্রেয়। বসার ঘরে যেন পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং বাতাস চলাচল করতে পারে, সে দিকে নজর রাখতে হবে।
আরও পড়ুন:
ঘরের উত্তর-পূর্ব কোণটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং ফাঁকা রাখার চেষ্টা করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই দিক থেকেই মূল ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। সন্ধ্যার সময় বসার ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন যেন কোনও কোণই অন্ধকার না থাকে। বসার ঘরে ভাঙা কাচ, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বা অপ্রয়োজনীয় জঞ্জাল জমিয়ে রাখবেন না। মনে করা হয়, এই জিনিসগুলি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।