জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি রত্ন বা পাথরের একটি নির্দিষ্ট শক্তি এবং তরঙ্গ থাকে, যা আমাদের মন এবং স্বাস্থ্যর উপর প্রভাব ফেলে। ফ্যাশনের খাতিরে না জেনে ভুল বা নকল রত্ন— বিশেষ করে নকল মুক্তো পরা রত্নধারণকারীর জীবনে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নকল মুক্তো পরলে কী কী বিপত্তির আশঙ্কা থাকে, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
মানসিক অবসাদ
জ্যোতিষশাস্ত্রে মুক্তো হল চন্দ্রদেবের রত্ন। চন্দ্র আমাদের মন, আবেগ এবং মানসিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে। আসল মুক্তো মনকে শান্ত রাখে। কিন্তু প্লাস্টিক বা কাচের তৈরি নকল মুক্তো পরলে চন্দ্রের ইতিবাচক শক্তি শরীরে প্রবেশ করতে পারে না। এর ফলে মানসিক দোলাচল তৈরি হতে পারে, যা অযথা খিটখিটে মেজাজ, অবসাদ এবং অতিরিক্ত মানসিক উদ্বেগ ডেকে আনে।
আরও পড়ুন:
রাহুর নেতিবাচক প্রভাব
জ্যোতিষশাস্ত্রমতে, কৃত্রিম বা রাসায়নিক উপায়ে তৈরি যে কোনও নকল রত্ন রাহু এবং কেতুর শক্তির সঙ্গে যুক্ত। যখন আপনি খাঁটি মুক্তোর পরিবর্তে কৃত্রিম বা প্লাস্টিকের মুক্তো পরেন, তখন চন্দ্রের শুভ প্রভাব তো মেলেই না বরং রাহুর নেতিবাচক দৃষ্টি পড়তে পারে। এর ফলে হঠকারিতা, ভুল সিদ্ধান্ত নেওয়া এবং বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে।
অনিদ্রা
যে হেতু চন্দ্র নিদ্রার চক্র নিয়ন্ত্রণ করে, তাই নকল মুক্তো ধারণ করলে ঘুমের উপর কুপ্রভাব পড়তে পারে। জ্যোতিষমতে, শোয়ার সময় নকল বা কৃত্রিম রত্ন ধারণ করলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে, যার ফলে অনিদ্রা বা দুঃস্বপ্ন দেখার সমস্যা হতে পারে।
সম্পর্কে টানাপড়েন
চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রে পারিবারিক সম্পর্কের কারক গ্রহ হিসাবে ধরা হয়। নকল মুক্তো পরার ফলে পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি বা দাম্পত্যজীবনে মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে।
আর্থিক ক্ষতি
জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে ধন এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সঙ্গে যুক্ত করা হয়। নকল বা কৃত্রিম রত্ন ধারণ করলে আর্থিক ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয় অথবা অপচয় বাড়তে পারে। উপার্জনের পথ সচল থাকলেও টাকা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
ফ্যাশনের জন্য নকল মুক্তো পরতে হলে তার কুপ্রভাব থেকে বাঁচতে এই নিয়মগুলি মেনে চলতে পারেন—
- নকল মুক্তো সরাসরি ত্বকে স্পর্শ করতে দেবেন না। গয়নাটি যদি এমন হয় যা পোশাকের উপর থাকে, তবে তার নেতিবাচক প্রভাব অনেক কম হয়।
- কোনও অনুষ্ঠানের জন্য কয়েক ঘণ্টা নকল মুক্তো পরলে কোনও রকম ক্ষতির সম্ভাবনা থাকে না। তবে এটিকে ২৪ ঘণ্টার সঙ্গী বানাবেন না।
- প্লাস্টিক বা কাচের নকল মুক্তো না কিনে ‘কালচার্ড পার্ল’ বা চাষ করা মুক্তো কিনতে পারেন। এগুলি কৃত্রিম নয়, প্রাকৃতিক উপায়েই তৈরি হয়। তাই ফ্যাশনও বজায় থাকে এবং নেতিবাচক প্রভাবের ভয়ও থাকে না।