Advertisement
E-Paper

‘শারীরিক নিগ্রহ করেছে দিল্লি পুলিশ’, এ বার সংসদের স্বাধিকার রক্ষা কমিটিতে অভিযোগ আপ সাংসদ সঞ্জয় সিংহের

সঞ্জয়ের মূল অভিযোগ, জাফরপুর থানার এসএইচও এবং অন্য কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। যাঁরা তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন বলে আপ সাংসদের অভিযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৯:৩১
AAP MP Sanjay Singh writes to Privileges Committee against Delhi Police officials over manhandling and physical assault

দিল্লি পুলিশের নিশানায় সাংসদ সঞ্জয় সিংহ। ছবি: সমাজমাধ্যম থেকে।

আদালতের পরে এ বার দিল্লি পুলিশের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ গেল সংসদে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর বাতিলের দাবিতে আন্দোলন-পর্বে দিল্লি পুলিশ তাঁকে শারীরিক নিগ্রহ করেছে বলে সংসদের স্বাধিকার রক্ষা (প্রিভিলেজ) কমিটিতে অভিযোগ জানালেন আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ।

সঞ্জয়য়ের অভিযোগ, দিল্লিতে এসআইআর সংক্রান্ত অনিয়ম এবং ‘ভোট চুরি’র বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ২, ১০ এবং ১২ অক্টোবর পুলিশ অন্তত তিন বার তাঁর সঙ্গে অভব্য আচরণ এমনকি, শারীরিক নিগ্রহ এবং মারধরও করেছে! এর জন্য দিল্লির পুলিশ কমিশনার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের ‘অভিযুক্ত’ করে সংসদের স্বাধিকার রক্ষা কমিটিকে চিঠি লিখেছেন তিনি। সূত্রের খবর, বিষয়টি এখন কমিটির ‘বিবেচনাধীন’ রয়েছে।

সঞ্জয়ের মূল অভিযোগ, দক্ষিণ-পশ্চিম দিল্লির জাফরপুর থানার এসএইচও (স্টেশন হাউস অফিসার) এবং অন্য কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তাঁর দাবি, তিনি এক জন সাংসদ, কোনও সন্ত্রাসবাদী বা মাফিয়া নন। তাই গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদের সময় তাঁদের সঙ্গে এমন আচরণ করা সংসদীয় অধিকারের পরিপন্থী। কিন্তু অভিযুক্তদের তালিকায় দিল্লির পুলিশ কমিশনার কেন? সঞ্জয় জানান, পুলিশি নিগ্রহের সময় তিনি দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু কমিশনার তাঁর ফোন ধরেননি। টেক্সট মেসেজেরও কোনও উত্তর দেননি।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
Sanjay Singh Gyanesh Kumar AAP Delhi Police parliament

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy