বিধানসভা ভোটে পরাজয়ের পরে সিপিএমের অন্দরে শুদ্ধকরণের ইঙ্গিত মিলল কেরলমে।
সম্প্রতি সিপিএম-ত্যাগী প্রবীণ নেতা এবং প্রাক্তন মন্ত্রী জি সুধাকরণ (যিনি বর্তমানে কংগ্রেসের সমর্থনে নির্দল বিধায়ক) রাজ্য সিপিএম সম্পাদক এমভি গোবিন্দনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনের খোলনলচে বদলের পক্ষে সওয়াল করেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে, কোঝিকোড়ে সিপিএমের বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেরলমেরই নেতা এমএ বেবি দলীয় নেতা-কর্মীদের খামতিগুলি নিয়ে খোলাখুলি আলোচনা করতে, ভুল চিহ্নিত করতে এবং ফের নতুন উদ্যমে জনসংযোগে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন।
ঘটনাচক্রে, সুধাকরণও ভুলত্রুটি নিয়ে খোলাখুলি আত্মসমীক্ষা এবং সাংগঠনিক খোলনলচে বদলের কথা বলেছিলেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো একদা লালদুর্গে ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে সিপিএমের সংগঠনে ধস নামতে দেখা গিয়েছে। কিন্তু দক্ষিণের রাজ্য কেরলম সেই তালিকায় ব্যতিক্রম। সেখানে বার বার ক্ষমতা হারিয়েও দলের জনসমর্থন মোটের উপর অক্ষত থাকতে দেখা গিয়েছে। রয়েছে বার বার প্রত্যাবর্তনের ইতিহাসও। যদিও সুধাকরণের মতে, এ বার মালয়ালি রাজনীতিতেও সিপিএমের প্রত্যাবর্তনের পথ কঠিন। কোঝিকোড়ে বেবির বক্তৃতার পরে একটি সাক্ষাৎকারে সুধাকরণ বলেন, ‘‘সিপিএম এর আগে নিজেদের সংশোধন করেছে, কিন্তু দল এ বার অধঃপতনের দিকে যাচ্ছে।’’
আরও পড়ুন:
দলীয় সূত্রের খবর, পরপর দু’বার কেরলে সরকারে থাকার সময়ে নেতা-কর্মীদের জীবনযাপন ও আর্থিক অনিয়ম সংক্রান্ত নানা অভিযোগ উঠেছে সংগঠনের অন্দরে। এমনকি, ক্ষমতা হারানোর পরে ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’ (সিএমআরএল) সংক্রান্ত এক দুর্নীতি মামলার সূত্র ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নের তিরুঅনন্তপুরমের ভাড়াবাড়ি এবং কান্নুরের পারিবারিক ভিটেতে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। সিএমআরএল দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিজয়নের কন্যা বীণা থাইক্কান্দিইলের। বীণার স্বামী মহম্মদ রিয়াজ় সিপিএম নেতা তথা কেরলের পূর্বতম বামজোটের সরকারের পূর্তমন্ত্রী ছিলেন। বেবি অবশ্য সরাসরি বিজয়ন-প্রসঙ্গের উল্লেখ না করে কোঝিকোড়ে বলেছেন, দল এবং কেরল সরকারের বিরুদ্ধে বিধানসভা ভোটের আগে পরিকল্পিত নেচিবাচক প্রচার চলেছে। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘এটা মেনে নিতে হবে, আমরা সাংগঠনিক ভাবে অপপ্রচারের মোকাবিলা করতে পারিনি।’’ তবে অতীতেও কেরলমে সিপিএম বড় রাজনৈতিক ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘আগামী দিনেও আমরা নতুন ভাবে যাত্রা শুরু করব।’’