Advertisement
E-Paper

স্কুলের অনুমোদন দিতে ‘১০০ কোটি টাকা ঘুষ’! তামিলনাড়ুতে স্ট্যালিন জমানার শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করল বিজয়ের পুলিশ

পুলিশের দাবি, ২০২১ থেকে ২০২৬ মহেশ তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী থাকাকালীন বিধিবহির্ভূত ভাবে অন্তত ১৭৭টি বেসরকারি স্কুলকে টাকার বিনিময়ে ছাড়পত্র ও অনুমোদন দেওয়া হয়েছিল বলে তথ্য মিলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৭:৩২
(বাঁদিক থেকে) এমকে স্ট্যালিন, আনবিল মহেশ পোয়ামোঝি এবং সি জোসেফ বিজয়।

(বাঁদিক থেকে) এমকে স্ট্যালিন, আনবিল মহেশ পোয়ামোঝি এবং সি জোসেফ বিজয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিযোগ, পূর্বতন ডিএমকে সরকারের আমলে তামিলনাড়ু জুড়ে বিভিন্ন বেসরকারি স্কুলকে অনুমোদন দিতে অন্তত ১০০ কোটি টাকা ঘুষের লেনদেন হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের জমানার স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝিকে এ বার সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করল চেন্নাই পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ’ (সিসিবি)।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের সরকারের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে চিহ্নিত করেছে ডিএমকে। তবে পুলিশের দাবি, ২০২১ থেকে ২০২৬ মহেশ তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী থাকাকালীন বিধিবহির্ভূত ভাবে অন্তত ১৭৭টি বেসরকারি স্কুলকে টাকার বিনিময়ে ছাড়পত্র ও অনুমোদন দেওয়া হয়েছিল বলে তথ্য মিলেছে।

এই স্কুল-অনুমোদন মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনে তদন্ত শুরু হলে মহেশ গ্রেফতারি এড়াতে মাদ্রাজ হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। সোমবার মাদ্রাজ হাই কোর্ট তার সেই আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রথমে সিসিবি-র দফতর এবং তার পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এই মামলায় গত ১৮ সেপ্টেম্বর মহেশকে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল চেন্নাই পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ’। পুলিশ জানিয়েছে সে দিন, মোট ২৯৫টি প্রশ্ন করা হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর মহেশ দাবি করেছিলেন, তাঁকে ২৪৬টি প্রশ্ন করা হয়েছিল, সব ক’টিরই সদুত্তর দিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও দীর্ঘ সময় জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Tamil Nadu DMK MK Stalin Thalapathy Vijay Corruption Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy