১২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রি বুকিং। শুক্রবার থেকে বিশ্ববাজারে বিক্রি শুরু হচ্ছে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্সের। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে ভারতেরও।
বিশ্ববাজারে আনুষ্ঠানিক বিক্রির প্রথম দিন থেকেই দ্রুত ক্রেতাদের চাহিদা পূরণ করার জন্য সক্রিয় হয়েছে আইফোনের নির্মাতা অ্যাপ্ল। সময়সীমার মধ্যে সরবরাহ নিশ্চিত করতে বুধবার রাত থেকেই চেন্নাই থেকে কয়েকটি চার্টার্ড বিমানে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স আমেরিকা-সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে বলে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ভারতে অ্যাপ্লের অংশীদার সংস্থার কারখানাগুলিতে ২৪ ঘণ্টাই উৎপাদন চলছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
বর্তমানে আইফোনের বাণিজ্যিক উৎপাদনের বড় অংশই হয় চিনে।
কিন্তু ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করেছে ভারতে অ্যাপ্লের অংশীদার সংস্থার কারখানাগুলি। এই প্রথম ভারত-নির্মিত প্রো এবং প্রো ম্যাক্স মডেল বিশ্ববাজারে বিক্রির প্রথম দিন থেকেই পাওয়া যাবে।
১৮ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে আইফোন ১৮-র
দু’টি মডেলের বিক্রি শুরু হচ্ছে। ভারতে দু’টি কারখানায় আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্সের উৎপাদন হচ্ছে। ওই দু’টি কারখানার একটি
ফক্সকন পরিচালিত এবং অন্যটি টাটা ইলেকট্রনিক্স পরিচালিত। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজের মডেলও তৈরি হচ্ছে।