পাকিস্তানের মদতেপুষ্ট জঙ্গিগোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক (এসবিএন)-কে বুধবার ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে।
শাহ বুধবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি অনুসরণ করেই পদক্ষেপ করে চলেছে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য— ‘‘এই গোষ্ঠীটি (এসবিএন) সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক চোরাচালানের পাশাপাশি যুবক ও অপরাধীদের সন্ত্রাসবাদে উস্কানি দেয়। ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এই সন্ত্রাস-সিন্ডিকেটটি বিদ্বেষপূর্ণ ডিজিটাল প্রচারও চালাচ্ছে।’’
আরও পড়ুন:
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তিতে ইউএপিএ-র ৩৫(১)(ক) ধারা প্রয়োগ করে এসবিএন-কে প্রথম তফসিলে যুক্ত করা হয়েছে। ইউএপিএ-র ওই তফসিলেই নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলির তালিকা রয়েছে। প্রসঙ্গত, চলতি বছর স্বাধীনতা দিবসের সময়ে দেশ জুড়ে বড়সড় হামলার ছক কষেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আর সেই নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানি মাফিয়া নেতা শাহজাদ ভাট্টির নিজের হাতে গড়া সন্ত্রাস নেটওয়ার্ককে। কিন্তু গোয়েন্দাসূত্র মারফথ খবর পেয়ে গত ১২ অগস্ট দেশের ১৪টি রাজ্যে চালানো অভিযানে দুশোর কাছাকাছি সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের কাছ থেকে ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-সহ প্রচুর বিস্ফোরক, পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ দেওয়া গ্রেনেড এবং সিসি ক্যামেরা উদ্ধার হয়। ভেস্তে যায় নাশকতার ছক।