লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে আক্রমণ করার নতুন ‘বিষয়’ পেল বিজেপি। মঙ্গলবার পদ্মশিবিরের তরফে সমাজমাধ্যমে বিমানের আসনে বসা রাহুলের একটি ভিডিয়ো (যার সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি) প্রকাশ করা হয়েছে। তলায় লেখা ‘‘মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে পড়েছি… আমাকে দিনকয়েকের জন্য ভিয়েতনাম ঘুরে আসতে দাও… কে আর জানতে পারবে!’’
বিজেপির সমাজমাধ্যম-পোস্টে ওই ভিডিয়োটিতে বিমানের আসনে নীল রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, এক সহযাত্রী আর এক জনকে বলছেন, রাহুল গাঁধী বিমানের আসনে বসে রয়েছেন। বিজেপির অন্যতম মুখপাত্র নেতা শাজিয়া ইলমি ওই ভিডিয়ো প্রসঙ্গে বলেছেন, ‘‘রাহুল গাঁধী রাজনীতির কঠোর পরিশ্রমের চাপ নিতে পারেন না এবং কিছু দিন পরপরই ছুটি কাটাতে চলে যান।’’ দলের আর এক মুখপাত্র আরপি সিংহের মন্তব্য, “রাহুল প্রতি বারই এমন করেন। বিহারে পদযাত্রা শেষ করার পর তিনি দু’মাসের জন্য ছুটিতে বিদেশে গিয়েছিলেন।’’
আরও পড়ুন:
অন্য দিকে কংগ্রেসের দাবি, এসআইআর অনিয়ম এবং ‘ভোটচুরি’ বিতর্কে আন্দোলনের জেরে চাপের মুখে পড়া শাসকদল রাহুলের বিদেশযাত্রা নিয়ে জলঘোলা করে বিষয়টির মোড় ঘোরাতে চাইছে। দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘‘কে, কোথায় এবং কখন যাচ্ছেন, তাতে সমস্যা কী? অন্য কেউ কি বিদেশে যান না? রাহুল এক জন ব্যক্তি এবং তিনি বিরোধী দলনেতা। তাঁর সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। তিনি বিদেশে গিয়ে ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, লন্ডনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন। এমনকি, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন— যা ভারতের প্রধানমন্ত্রী করেন না।” সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের প্রসঙ্গ টেনে প্রাক্তন সাংসদ সন্দীপের মন্তব্য, “আমাদের এখানে একটি প্রতিষ্ঠিত রীতি রয়েছে যে, সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী বিদেশ সফর করবেন না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই রীতি ভেঙেছেন। তখন কেন কোনও প্রশ্ন তোলা হয় না?’’