Advertisement
E-Paper

ককরোচের তিনমূর্তি অবশেষে থানা থেকেই মুক্ত! ম্যাজিস্ট্রেট শর্ত দিলেন, আগামী এক বছর কোনও শান্তিভঙ্গ করা যাবে না

অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছিল শনিবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১০:১০
দিল্লি ক্যান্টনমেন্ট থানা থেকে ছাড়া পাওয়ার পর সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, অভিজিৎ দীপকে এবং সৌরভ দাস। রবিবার সকালে।

দিল্লি ক্যান্টনমেন্ট থানা থেকে ছাড়া পাওয়ার পর সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, অভিজিৎ দীপকে এবং সৌরভ দাস। রবিবার সকালে। ছবি: রয়টার্স।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকালে তিন জনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তার পরেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকে-রা। সিজেপির আইনি বিষয় যাঁরা দেখাশোনা করেন, সেই ‘লিগাল টিম’-এর প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ এবং রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না। এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর রাঙ্কা জানিয়েছেন, রবিবার দুপুর ২টোয় তাঁরা সাংবাদিক বৈঠক করবেন।

দীপকেদের মুক্তির পর সিজেপি একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘আরশোলারা কখনও মরে না। অবশেষে দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে ছাড়তে বাধ্য হল দিল্লি পুলিশ।’’ দীপকে-দের মুক্তির পর দিল্লি পুলিশ পৃথক বিবৃতি জারি করেছে। বলা হয়েছে। ৫০ হাজার টাকার বন্ডে তিন জনকে ছাড়া হয়েছে। আগামী এক বছর তাঁদের ভাল ব্যবহার করতে হবে এবং শান্তি ভঙ্গ হয়, এমন কিছু তাঁরা করতে পারবেন না।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তিন জনকে সতর্কতামূলক গ্রেফতার করা হয়েছিল সিজেপির তিন নেতাকে। দিল্লির আন্দোলনে যোগ দেওয়ার জন্য শনিবার সকালে মুম্বই থেকে তাঁরা রাজধানীতে পৌঁছোন। ১০টা ১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নেমেছিল। সেই বিমানে উঠে পুলিশ তাঁদের আটক করে। তাঁদের মুক্তির দাবিতে সিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল। তার আগেই তাঁদের ছেড়ে দেওয়া হল। শনিবার সকাল থেকে দীপকে, রাঙ্কা বা সৌরভ কোথায় ছিলেন, জানা যায়নি। তাঁদের পরিবারও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে অভিযোগ। এর মধ্যে শনিবারই দীর্ঘ অসুস্থতার পর দীপকে-র ঠাকুমার মৃত্যু হয়। দিল্লি পুলিশ দাবি করে, মৃত্যুসংবাদ দীপকে-র কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

যন্তর মন্তর অভিযানে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করেছিল পুলিশ। গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয় শনিবার সকালে। গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। এ ছাড়াও রাজধানী জুড়়ে শুক্রবার রাত থেকে শনিবার সারা দিন ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়েছিল। অধিকাংশকেই রাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবি জানিয়ে শনিবার যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছিলেন দীপকে-রা। তাঁদের আটক করা হলে অজিঙ্ক শিন্দে আন্দোলনের নেতৃত্ব দেবেন, ঘোষণা করেছিলেন দীপকে। সেই অজিঙ্ক এখন মুম্বইতে। রবিবার বিকেলে সেখানকার শিবাজি পার্কে তিনি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। সেই সঙ্গে আরও এক বার যন্তর মন্তর অভিযানের ডাকও দেওয়া হয়েছে ককরোচদের তরফে।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
Delhi Police CJP Abhijeet Dipke Saurav Das Ashutosh Ranka

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy