অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গায় সম্প্রতি মুখোমুখি সংঘাতে জড়িয়েছে ভারত এবং চিন। এবং সেই পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। ‘দ্য হিন্দুর’ প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমনটাই বলেছেন ইন্দোতিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রধান শত্রুজিৎ সিংহ কপূর। উত্তর-পূর্বে ভারত-চিন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে এই প্রথম সরকারি স্তরের কোনও মন্তব্য প্রকাশ্যে এল।
ছ’বছর আগে, ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং চিন। রক্তক্ষয়ী ওই সংঘাতের জেরে দিল্লি এবং বেজিঙের কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হয়েছিল। গত কয়েক বছরে পুনরায় তা মসৃণ করার উদ্যোগ দেখিয়েছে দুই দেশই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে এসেছেন চিন থেকে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও সম্প্রতি ব্রিক্স সম্মেলনের জন্য ভারত সফরে আসেন। এরই মধ্যে আইটিবিপি প্রধানের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে আইটিবিপির জওয়ানদের উদ্দেশে ভাষণের সময়ে অরুণাচল সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি। বাহিনীর শৌর্য কমান্ডোদের প্রশংসা করার সময়ে এই মন্তব্য করেন আইটিবিপি প্রধান। শত্রুজিৎ বলেন, “গত কয়েক দিনে অরুণাচলের বেশ কয়েকটি জায়গায় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা এখনও চলছে।” একই সঙ্গে তাঁর সংযোজন, সংঘাতের সময়ে বাহিনীর শৌর্য কমান্ডোরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। “আমাদের নবগঠিত শৌর্য কমান্ডোরা অনবদ্য ভূমিকা পালন করেছেন,” বলেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত জুলাই মাস থেকে অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকায় উত্তেজনার খবর ছড়ায়। নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে স্থানীয় বাসিন্দারা বার বার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছেন। এরই মধ্যে আইটিবিপি প্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আইটিবিপি প্রধানের মন্তব্য নিয়ে ইতিমধ্যে কেন্দ্রকে বিঁধতে শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, চিনকে ‘সুপরিকল্পিত ভাবে ছাড়’ দিয়ে যাচ্ছে কেন্দ্রের মোদী সরকার। যদিও এ বিষয়ে কেন্দ্র বা বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।