Advertisement
E-Paper

হুডখোলা গাড়িতে রামলীলা ময়দানে পৌঁছোলেন রাহুল! সঙ্গে মমতা, অখিলেশ, বেবিরা, দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা

রবিবার ভোর সাড়ে ৫টা থেকে রামলীলা ময়দানে জমায়েত শুরু করেন ‘ইন্ডিয়া’র সমর্থকেরা। বেলা যত বেড়েছে, ভিড়ও বেড়েছে। বিরোধীদের কর্মসূচিতে যোগ দিয়েছে আইসা, এসএফআই-ও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১১:৪০
দিল্লির রামলীলা ময়দানের পথে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী।

দিল্লির রামলীলা ময়দানের পথে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। ছবি: পিটিআই।

দিল্লির রামলীলা ময়দানে পৌঁছে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। কনট প্লেস-মিন্টো রোডের সংযোগস্থল থেকে বেলার দিকে মিছিল শুরু করেন তাঁরা। হুডখোলা গাড়িতে রামলীলা ময়দানে পৌঁছোন বিকেল ৩টের কিছু আগে। পুলিশ আধিকারিকেরাও তৈরি। রবিবার ভোর থেকে সেখানে জমায়েত শুরু করেছেন বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থকেরা। বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা।

রবিবার রামলীলা ময়দানে জমায়েত।

রবিবার রামলীলা ময়দানে জমায়েত। ছবি: পিটিআই।

হুডখোলা গাড়িতে চেপে একসঙ্গেই রামলীলা ময়দানে পৌঁছেছেন বিরোধী নেতৃত্ব। রাস্তায় তাঁদের মিছিলকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়। মিছিল শুরুর আগে বিরোধী নেতারা খড়্গের বাসভবনে জড়ো হয়েছিলেন। মিছিলের গাড়িতে পাশাপাশি বসেন অখিলেশ, মমতা, বেবি। একই গাড়িতে পিছনে ছিলেন অভিষেক। মিছিল শেষ হয় রামলীলা ময়দানে পৌঁছে। দিল্লির রাস্তায় রাস্তায় পুলিশ ব্যারিকেড করে রেখেছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য সবরকম প্রস্তুতি রাখা হয়েছে। ২৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে শহর জুড়ে।

রামলীলা ময়দানের পথে রাহুল গাঁধী। রবিবার।

রামলীলা ময়দানের পথে রাহুল গাঁধী। রবিবার। ছবি: ভিডিয়ো থেকে।

রামলীলা ময়দানে গিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর মিছিল। সিপিএম-সহ বাম শরিকদলগুলির নেতারাও রয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন সুজন চক্রবর্তীরা। দিল্লি পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) রোহিত রাজবীর জানিয়েছেন, ভোর সাড়ে ৫টা থেকে রামলীলা ময়দানে জমায়েত শুরু হয়েছে। সেখানে কর্মসূচির জন্য আগেই কংগ্রেসের তরফে পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু কনট প্লেস থেকে কোনও মিছিলের কথা পুলিশকে আগে জানানো হয়নি। তবে সুষ্ঠু ভাবে বিষয়টি সম্পন্ন করার চেষ্টা করেছেন নিরাপত্তা আধিকারিকেরা।

হুডখোলা গাড়িতে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়।

হুডখোলা গাড়িতে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

রবিবারের কর্মসূচির জন্য দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ হাজার মানুষের জমায়েত সম্ভব। পুলিশ জানিয়েছে, তার বেশি জমায়েতের সম্ভাবনা তৈরি হলে গন্তব্যে পৌঁছোনোর আগেই ভিড় আটকে দেওয়া হতে পারে। বিরোধীদের দাবি, ১০ লক্ষ মানুষের জমায়েত হবে রবিবার।

‘ইন্ডিয়া’র কর্মসূচির পাল্টা হিসেবে রবিবারই দিল্লিতে মিছিল করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তদের নেতৃত্বে ওই মিছিল হয় ১৯৮৪ সালের শিখবিরোধী অশান্তির ঘটনায় নিহতদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে। অভিযোগ, জেনেশুনে ওই ঘটনার বর্ষপূর্তিতেই কংগ্রেস বর্তমান কর্মসূচির আয়োজন করেছে। দিল্লির অপর প্রান্তে বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করেও তাই পুলিশকে নিরাপত্তা বাড়াতে হয়েছে।

রামলীলা ময়দানে জমায়েত।

রামলীলা ময়দানে জমায়েত। ছবি: পিটিআই।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
Delhi Ramlila Maidan Delhi Police INDIA Block Congress Rahul Gandhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy