চলতি বছরে এই নিয়ে তিন বার! বুধবার জেএনইউ-র প্রাক্তন ছাত্র উমর খলিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি ফের খারিজ করল দিল্লি হাই কোর্ট। এই বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাঁদের জামিনের আর্জি খারিজ করে দেওয়ার পর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দু’জনে। কিন্তু লাভ হল না।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্তদের তালিকায় নাম ছিল উমর ও শারজিলের। ওই বছরের ২৫ অগস্ট শারজিলকে ও ১৩ সেপ্টেম্বর উমরকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তার পর থেকে জেল হেফাজতেই রয়েছেন দু’জন। এই মামলাতেই জামিনের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শারজিল ও উমর। ২১ সেপ্টেম্বর বিচারপতি প্রতিভা এম সিংহ এবং বিচারপতি দিনেশকুমার শর্মার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু অসুস্থ থাকায় দিল্লি পুলিশের তরফে শুনানি স্থগিত রাখার আর্জি জানানো হয়। এর পরেই আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের মামলার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন:
বুধবার সেই শুনানির পরে হাই কোর্ট জানাল, উমর ও শারজিলের জামিনের আর্জি মঞ্জুর করা হচ্ছে না। এর আগে চলতি বছরের মার্চ মাসে নিজের ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেওয়া এবং অসুস্থ মায়ের দেখাশোনার জন্য ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন শারজিল। গত ২২ সেপ্টেম্বর দিল্লির কড়কড়ডূমা আদালত তুতো বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য দ্বিতীয় বার তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি মঞ্জুর করে। উমরও চলতি বছরে ৩ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য।