কর্নাটকে এসআইআর-পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে দক্ষিণ ভারতের কংগ্রেস-শাসিত ওই রাজ্যে খসড়া তালিকায় বাদ দেওয়ার জন্য প্রায় ১ কোটি ৮ লক্ষ ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, পশ্চিমবঙ্গের প্রায় দ্বিগুণ।
কর্নাটকে বর্তমানে ভোটার তালিকায় ৫ কোটি ৫৪ লক্ষ ভোটারের নাম রয়েছে। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ ভোটারের নাম। মৃত, অনুপস্থিত, অবৈধ, স্থানান্তরিত, দু’জায়গায় নাম রয়েছে বা অন্যান্য কারণ রয়েছে এমন ১ কোটি ৮ লক্ষ নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়াও তথ্যগত অসঙ্গতির কারণে নোটিস পাঠানো হচ্ছে আরও ৪৩ লক্ষ ৮০ হাজার ভোটারকে। অনুপস্থিত, স্থানান্তরিত এবং দু’জায়গায় নাম রয়েছে এমন ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার আগে নোটিস পাঠানো হবে বলে সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে। সবচেয়ে বেশি নাম বাদের সুপারিশ এবং নোটিস পাঠানোর ঘটনা ঘটেছে রাজধানী বেঙ্গালুরুতে। ঘটনাচক্রে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী বেঙ্গালুরুরই দু’টি বিধানসভায় নিয়ম বহির্ভূত ভাবে বিপুল ভোটারের নাম তালিকায় ঢোকানোর অভিযোগ করেছিলেন।
প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গে এসআইআর-পর্বে প্রকাশিত খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটারের বাদ পড়েছিল। অঙ্কের হিসাবে ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি। অন্য দিকে, কর্নাটকে খসড়া ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে ১৯ শতাংশেরও বেশি ভোটারকে। সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, ২৪ অগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর নোটিস পাঠানো হবে। যাচাইকরণ পর্ব চলবে ২৪ অগস্ট থেকে ২২ অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৭ অক্টোবর।