Advertisement
E-Paper

প্রধান বিচারপতি এবং বার কাউন্সিলের প্রধানের উপস্থিতির বিরোধিতার জের, আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বাতিল

সমাবর্তনে প্রধান বিচারপতিকে প্রধান অতিথি করার বিরোধিতা করেছিলেন ‘নালসার’-এর পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ। তার জেরে বিসিআই চেয়ারম্যান চলতি বছরের স্নাতকদের নাম নথিভুক্ত করা স্থগিত রাখতে বলেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১৬:৩৭
National Law School of India University, Bengaluru cancels convocation amid CJI, Bar Council chief invite row

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। —ফাইল চিত্র।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)-র চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ মননকুমার মিশ্রকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক চলছিল গত দু’সপ্তাহ ধরে। টানাপড়েনের সেই আবহেই বৃহস্পতিবার বেঙ্গালুরুর ‘ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি’ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে আগামী ১২ সেপ্টেম্বরের ৩৪তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান বাতিল ঘোষণা করলেন।

বিতর্কের সূত্রপাত হায়দরাবাদের ‘নালসার ইউনিভার্সিটি অফ ’ল’-এর পড়ুয়াদের বিরুদ্ধে বিসিআই-এর একটি পদক্ষেপ ঘিরে। নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি করার বিরোধিতা করেছিলেন সেখানকার পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ। তার প্রতিক্রিয়ায় বিসিআই চেয়ারম্যান মননকুমার ‘নালসার’-এর চলতি বছরের স্নাতকদের নাম নথিভুক্ত করা স্থগিত রাখতে বলেছিলেন। তার প্রতিবাদে দেশের বিভিন্ন আইনশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রবিক্ষোভ দানা বাঁধে। আপত্তি তোলেন বিশিষ্ট আইনজীবীরাও। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর ‘ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি’ সিদ্ধান্ত নিয়ে সেখানকার পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ আপত্তি তুলেছিলেন।

গত ১৫ অগস্ট প্রকাশিত এক বিবৃতিতে ‘ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি’-র পড়ুয়া ও প্রাক্তনীরা ‘নালসার’-এর চলতি বছরের স্নাতকদের নাম নথিভুক্ত করা স্থগিত রাখতে বলা নিয়ে বিসিআই-এর নির্দেশের তীব্র সমালোচনা করে বলেন, ‘ক্ষমতাবানদের সামনে সত্য কথা বলার ব্যাপারে ‘নালসার’-এর পড়ুয়ারা ‘অসাধারণ সাহস ও নৈতিক দৃঢ়তার’ পরিচয় দিয়েছেন’। ওই বিবৃতিতে সই করেন চলতি বছরের ১৬৫ জন স্নাতক, ৪০৯ জন বর্তমান পড়ুয়া এবং ১২৮ জন প্রাক্তনী। পড়ুয়া ও প্রাক্তনীদের দাবি, ভর্তি সংক্রান্ত নিষেধাজ্ঞা এবং তদন্তের নির্দেশ প্রত্যাহার করার পরে বিসিআই নিজেই তার পদক্ষেপের ‘স্বেচ্ছাচারী’ ও ‘বেআইনি’ চরিত্র স্বীকার করেছে। পড়ুয়া-প্রাক্তনীদের বিবৃতিতে লেখা হয়েছে— ‘‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এক জন পড়ুয়ার শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। বছরের পর বছর পরিশ্রম ও অধ্যবসায়ের পরে সেই মুহূর্ত উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ এই সমাবর্তন।’’ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই পরিস্থিতিতে এমন উচ্চপদে থাকা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেওয়া, যাঁরা প্রকাশ্যেই ওই পড়ুয়াদের প্রতি অবজ্ঞা ও ঔদ্ধত্য প্রকাশ করেছেন, তা আপত্তিকর, অপমানজনক এবং পড়ুয়াদের ও তাঁদের লড়াইকে উপহাস করার সামিল।’’ ‘নালসার’-এর পড়ুয়া ও শিক্ষকসমাজের মতপ্রকাশ ও স্বাধীনতার মৌলিক অধিকার খর্ব করার চেষ্টার জন্য বিসিআইকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছেন তাঁরা। সেই দাবি মেনে, সম্প্রতি সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল বিসিআই। কিন্তু বিক্ষোভের আঁচ কমেনি।

CJI Surya Kant Convocation Controversy National Law School of India University NALSAR University of Law National Law University Law university CJI Supreme Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy