পরিবারের অমতে বিয়ে করেন। তার পরে স্বামীর সঙ্গে রাজস্থান থেকে পালিয়ে যান বেঙ্গালুরু। সেই তরুণীকে এ বার অপহরণ করতে বেঙ্গালুরুতে লোক পাঠানো হল বাপের বাড়ি থেকে। অভিযোগ, তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময়ে বেঙ্গালুরুর রাস্তায় পর পর বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে অভিযুক্তদের গাড়ি। তাতে আহত হয়েছেন ৬ জন।
প্রায় ৯ মাস আগে ২৩ বছর বয়সি ওমপ্রকাশকে বিয়ে করেন পূজা। ২১ বছরের ওই তরুণীর বাড়ি রাজস্থানের জোধপুরের মেলওয়াস গ্রামে। ওমপ্রকাশও থাকতেন রাজস্থানেই। যুগলের প্রেমে মত ছিল না পূজার বাড়ির লোকেদের। শেষে পালিয়ে বিয়ে করেন দু’জন। তার পর রাজস্থান ছেড়ে চলে আসেন বেঙ্গালুরুতে। সেখানে অগ্রহার দসরহল্লি এলাকায় থাকতেন নববিবাহিত দম্পতি।
অভিযোগ, দম্পতি বেঙ্গালুরুতে রয়েছেন খবর পেয়ে বধূকে অপহরণের চেষ্টা করেন বাপের বাড়ির লোকেরা। তাঁকে অপহরণ করতে রাজস্থান থেকে চার জনকে পাঠানো হয় বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের নম্বরপ্লেট-সহ একটি এসইউভি গাড়িতে পূজাকে অপহরণ করে পালাচ্ছিলেন ওই অভিযুক্তেরা। সেই সময়ে চালকের তাড়াহুড়োতে রাস্তায় বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে এসইউভি-টি। তাতে ছ’জন জখম হন।
আরও পড়ুন:
ঘটনাস্থলের একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, পথচলতি লোকজন ওই গাড়িটিকে ধাওয়া করেন। অভিযুক্তদের ধরেও ফেলেন তাঁরা। গাড়ি থেকে অভিযুক্তদের বের করে মারধর করতেও দেখা যায় ভিডিয়োয়। পরে তিন অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাকেশ, কর্ণ এবং আয়ান। তিন জনই রাজস্থানের বাসিন্দা। সাদ্দাম নামে যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অপহরণকারীদের গাড়ির ধাক্কায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। তাঁর মাথায় চোট লেগেছে।