তৎকালে টিকিট কাটার নিয়মে পরিবর্তন করল পশ্চিম-মধ্য রেল। টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় কমাতে টোকেন দেওয়ার সময়ে পরিবর্তন করল তারা। ১ অগস্ট থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা।
পশ্চিম-মধ্য রেলের কোটা বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ জৈন জানিয়েছেন, নতুন ব্যবস্থায় যাত্রীদের দু’বার আর টিকিট কাউন্টারে যেতে হবে না। তৎকাল টিকিটের বুকিং যখন থেকে শুরু হবে, তখন থেকেই দেওয়া হবে টোকেন।
পশ্চিম-মধ্য রেলের টিকিট কাউন্টারগুলিতে এসি কামরার টিকিট তৎকালে কাটার জন্য সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে টোকেন দেওয়া হবে। নন-এসি কামরার টিকিট তৎকালে কাটার জন্য টোকেন দেওয়া হবে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা। এখন এসি কামরার টিকিট তৎকালে কিনতে হলে সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে টোকেন কাটতে হয়। নন-এসির জন্য ৯টা ৩০ থেকে ৯টি ৫৫ মিনিটের মধ্যে টোকেন নিতে হয়।
আরও পড়ুন:
প্রত্যেক টিকিট বুকিং কেন্দ্রে এসি কামরার জন্য ১০টি টোকেন এবং নন-এসি কামরার তৎকাল টিকিটের জন্য ১৫টি টোকেন দেওয়া হবে। চাহিদা বুঝে সেই টোকেনের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।
টোকেন গ্রাহকদের টিকিট বুকিং হওয়ার পরে কোনও আসন পড়ে থাকলে, যাঁরা আগে আসবেন, তাঁদের সেই আসন বরাদ্দ করা হবে। যাঁরা নিজেদের বা পরিবারের সদস্যের টিকিট কাটবেন (ক্যাটাগরি এ), তৎকালের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের টিকিট কাটা হলে বাকিরা পাবেন (ক্যাটাগরি বি)। টিকিটের জন্য দেওয়া টোকেন হস্তান্তরযোগ্য নয়।