Advertisement
E-Paper

ধর্মেন্দ্রের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন প্রহ্লাদ জোশী, দফতরে প্রথম বৈঠক, কী বার্তা

রবিবার দিল্লির শাস্ত্রী ভবনে নিজের দফতরে গিয়ে কাজ শুরু করেন কেন্দ্রের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। দায়িত্ব নিয়ে সমাজমাধ্যমে বার্তাও দিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৪:২৫
শাস্ত্রী ভবনের দফতরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। রবিবার।

শাস্ত্রী ভবনের দফতরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। রবিবার। ছবি: এক্স।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিলেন প্রহ্লাদ জোশী। রবিবার দিল্লির শাস্ত্রী ভবনে নিজের দফতরে গিয়েছিলেন তিনি। আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন। শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রহ্লাদ।

দফতরে প্রথম বৈঠকের কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন নতুন শিক্ষামন্ত্রী। লিখেছেন, ‘‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আজ আমি দায়িত্ব গ্রহণ করলাম। আমার উপর আস্থা রাখার জন্য এবং এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। গভীর কর্তব্যবোধ এবং বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি।’’ ইংরেজির পাশাপাশি নিজের মাতৃভাষা কন্নড়েও একই কথা লিখেছেন প্রহ্লাদ।

নিটের প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্রের ইস্তফার দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য ছিল, অনিয়মের দায় নিয়ে মন্ত্রকের প্রধানকে সরতে হবে। একই দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুকও। তাঁর অনশন ভাঙার পরেও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যেরা পিছু হটেননি। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বার বার ইস্তফার দাবিতে অনড় থেকেছেন। এমনকি, মন্ত্রী ইস্তফা না দিলে আগামী দিনে সংসদ ভবন অভিযানের মতো আরও বড় কর্মসূচির আয়োজন করা হবে বলে তাঁরা হুঁশিয়ারিও দিয়েছিলেন। আন্দোলন যাতে আরও না-বাড়ে, তা নিশ্চিত করতে পদক্ষেপ করে কেন্দ্র। শুক্রবার সিজেপি-র সঙ্গে সরকারের তৃতীয় বৈঠকের আগেই ধর্মেন্দ্র ইস্তফার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। রাষ্ট্রপতি তাঁর ইস্তফা গ্রহণ করার পরেই নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদের নাম জানিয়ে দেয় সরকার।

শনিবার দায়িত্ব পাওয়ার পরেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রহ্লাদ। বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। তাঁর প্রত্যাশা অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করব, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।” তার পর রবিবারই দফতরে বৈঠক সারলেন নতুন শিক্ষামন্ত্রী।

ধর্মেন্দ্রের ইস্তফার আগেই অবশ্য শিক্ষায় সংস্কারে উদ্যোগী হয়েছিল কেন্দ্র। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে নিটে অনিয়মের অভিযোগে। প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনা হচ্ছে। ইতিমধ্যে তার খসড়াও প্রস্তুত। মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। এ ছাড়া, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়ে শিক্ষাব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার উপর ছাত্রছাত্রীদের আস্থা ফেরানোই প্রহ্লাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

সংক্ষেপে
  • দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
  • ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
  • ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
education minister prahlad joshi BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy