Advertisement
E-Paper

‘মিথ্যে বলেছে দিল্লি পুলিশ’! দীপকেকে ঠাকুমার মৃত্যুসংবাদ দেওয়া নিয়ে বিবৃতি মানতে রাজি নয় পরিবার, শেষকৃত্য থমকে

দিল্লি পুলিশ শনিবার রাতে বলেছিল, দীপকে-র ঠাকুমার মৃত্যুসংবাদ তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়নি বলে অনেক ভুয়ো প্রচার চলছে। কিন্তু যথাযথ সংবেদনশীলতার সঙ্গেই ওই খবর তাঁকে জানানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১১:৫০
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাঁর বাবা-মা।

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাঁর বাবা-মা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লি পুলিশের উপর ক্ষুব্ধ ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে-র পরিবার। শনিবার দীপকেকে বিমান থেকে আটক করে পুলিশ। পরিবারের অভিযোগ, তার পর সারা দিন তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবারই মৃত্যু হয় তাঁর ঠাকুমার। পুলিশ জানিয়েছিল, মৃত্যুসংবাদ দীপকেকে দেওয়া হয়েছে। মানবিকতার স্বার্থে বাড়ি ফেরার জন্য তাঁকে সবরকম সহায়তা করা হবে। দীপকে-র বাবার দাবি, ছেলে ফিরবেন বলে অপেক্ষা করছেন তাঁরা। ঠাকুমার শেষকৃত্য করা হয়নি এখনও। কিন্তু তার পরেও দীপকে বাড়ি ফেরেননি।

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা ভগবান দীপকে রবিবার সকালে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমাদের সঙ্গে ওঁর (দীপকে) কোনও যোগাযোগ হয়নি। ফোন করেছিলাম। যোগাযোগের চেষ্টা করেছি অনেক বার।’’ দিল্লি পুলিশের বিবৃতি শুনে তিনি বলেন, ‘‘মনে হচ্ছে পুলিশ মিথ্যে বলছে। ওকে জানানো হয়ে থাকলে ও এত ক্ষণে চলে আসত। দিল্লি থেকে তো সরাসরি বিমান ছিল। ওর বন্ধুদের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। তারাও বলছে, যোগাযোগ করতে পারছে না। দিল্লি থেকে ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। ও দিল্লিতে ছিলই না।’’ দীপকে-র ঠাকুমার মৃত্যু প্রসঙ্গে তাঁর বাবা বলেন, ‘‘শেষকৃত্য এখনও করিনি। ও আসবে বলে আশা করে বসে আছি। দিল্লি পুলিশকে আমার আর কিছু বলার নেই। মিথ্যা প্রচার চলছে। বাড়িতে একটা মৃত্যু ঘটেছে। কালই ছেড়ে দেওয়া উচিত ছিল ওকে।’’

দীপকে-র মা অনিতাও দিল্লি পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘‘আমরা ওর সঙ্গে একেবারেই যোগাযোগ করতে পারিনি। দিল্লি পুলিশ মিথ্যা কথা বলছে। ও যদি খবর পেয়ে থাকত, সঙ্গে সঙ্গে ছুটে চলে আসত। আমরা শেষকৃত্য স্থগিত রেখেছি ওর জন্য।’’

দিল্লি পুলিশ শনিবার রাতে একটি বিবৃতি দিয়ে দাবি করে, দীপকে-র ঠাকুমার মৃত্যুসংবাদ তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়নি বলে অনেক ভুয়ো প্রচার চলছে। কিন্তু যথাযথ সংবেদনশীলতার সঙ্গেই ওই খবর দীপকেকে দেওয়া হয়েছে। শেষকৃত্যের সময়ও জানানো হয়েছে। বলা হয়েছে, মানবিকতার খাতিরে নিজের শহরে ফেরার জন্য পুলিশ তাঁকে সবরকম সহায়তা করবে। এই বিবৃতির কথা জানতে পেরেই পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছে দীপকে পরিবার। প্রায় ২৪ ঘণ্টা বন্দি রাখার পর রবিবার সকালে অবশেষে ছা়ড়া হয়েছে দীপকে-সহ সিজেপির তিন নেতাকে। শনিবার মুম্বই থেকে দিল্লি পৌঁছোনোর সঙ্গে সঙ্গেই তাঁদের বিমান থেকে আটক করে পুলিশ। পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার (প্রিভেন্টিভ অ্যারেস্ট) করা হয়েছিল। রবিবার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় বিশেষ এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করানো হয়। ৫০ হাজার টাকার বন্ডে এবং নির্দিষ্ট শর্তে তাঁরা মুক্তি পেয়েছেন। বলা হয়েছে, আগামী এক বছর দীপকে, রাঙ্কা বা সৌরভ শান্তি ভঙ্গ হয় এমন কোনও কাজ করতে পারবেন না।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
CJP Delhi Police Abhijeet Dipke Saurav Das Ashutosh Ranka

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy