রান্নাঘরের এমন কিছু জিনিস রয়েছে, যা নিয়মিত ব্যবহার হলেও ঠিক মতো পরিষ্কার করা হয় না। তার মধ্যে অন্যতম মিক্সারের পাত্র। মশলা, বাদাম, নারকেল, তেল বা বিভিন্ন পেস্ট তৈরির পরে পাত্রের গায়ে তেলচিটে স্তর জমে যায়। শুধু জল ও সাবান দিয়ে ধুলেই তা সব সময়ে ওঠে না। ফলে তাতে দুর্গন্ধ হতে পারে, দাগও থেকে যায়। তবে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই এই সমস্যা দূর করা সম্ভব।
বরফের টুকরো
মিক্সারের জারে কয়েকটি বরফের টুকরো দিয়ে অল্প সময় চালিয়ে নিন। বরফের ঘর্ষণে জারের গায়ে লেগে থাকা অনেক ময়লা ও তেল আলগা হয়ে যায়। এর পর সামান্য বাসন মাজার তরল দিয়ে ধুয়ে নিলেই জার অনেকটা পরিষ্কার হয়ে যায়।
মিক্সার ব্যবহারের পর পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত
এক মুঠো চাল
জারে এক মুঠো চাল ও হালকা গরম জল দিয়ে কয়েক সেকেন্ড চালিয়ে নিন। চালের দানার ঘর্ষণে ব্লেডের চারপাশে জমে থাকা তেল, মশলার গুঁড়ো এবং শুকনো আস্তরণ আলগা হতে শুরু করে। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। চাল এখানে মৃদু স্ক্রাবার হিসেবে কাজ করে।
গরম জল ও বাসন মাজার তরল
জারে অল্প গরম জল এবং কয়েক ফোঁটা বাসন মাজার তরল দিয়ে ৩০-৪০ সেকেন্ড চালিয়ে নিন। তার পর জল ফেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে জারের ভিতরের তেলচিটে ভাব অনেকটাই দূর হয়ে যায়।
খাবার সোডা ও জল
দাগ যদি খুব বেশি হয়, তা হলে এক চা-চামচ খাবার সোডা অল্প জলের সঙ্গে মিশিয়ে জারের ভিতরে ১০ মিনিট রেখে দিন। তার পর হালকা করে স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে একগুঁয়ে দাগ এবং দুর্গন্ধ কমতে পারে।
ভিনিগার ও জল
সাদা ভিনিগার ও সমপরিমাণ জল মিশিয়ে মিক্সির পাত্রে মিনিট দশেক রেখে দিন। তার পর কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিন মিক্সি। শেষে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেললে তেলচিটে ভাবের পাশাপাশি দুর্গন্ধও অনেকটাই দূর হয়।
মিক্সারের জার পরিষ্কার রাখতে দামি সামগ্রীর দরকার পড়ে না সব সময়ে। বরফ, চাল বা ভিনিগারের মতো ঘরে থাকা সাধারণ উপকরণই যথেষ্ট। তবে এই প্রত্যেকটি ক্ষেত্রে ধোয়ার পর মিক্সির পাত্র ভাল ভাবে শুকিয়ে নিতে হবে। নয়তো আর্দ্র থাকলে তাতে ব্যাক্টেরিয়া জমে আবারও দুর্গন্ধ তৈরি হতে পারে।