ভারতীয় চলচ্চিত্রের তিনি ‘শাহেনশাহ’। নাম-খ্যাতি-যশ, কোটি কোটি অনুরাগীর ভালবাসা পেয়েও একেবারেই সাদামাঠা জীবন কাটাতে পছন্দ করেন অমিতাভ বচ্চন। রাজকীয় ভোজ নয়, বরং ভাত, ডাল, ঢ্যাঁড়শের তরকারি আর রুটি পেলেই তিনি খুশি। সন্ধ্যার স্ন্যাক্সে পছন্দ করেন ঠিক কলকাতার মতো ঝালমুড়ি। আর শেষ পাতে পছন্দ লাপসি। উত্তরপ্রদেশের এই মিষ্টিতেই মন মজেছে বিগ বি-র। এমন মিষ্টি পুজোর সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন।
লাপসি মূলত উত্তর ভারতের খাবার। উত্তরপ্রদেশ, রাজস্থান ও গুজরাতের খুবই পছন্দের একটি মিষ্টি। ভাঙা গম বা ডালিয়া, ঘি ও গুড় একসঙ্গে পাক দিয়ে এই মিষ্টি বানানো হয়। অনেকটা সুজির মতোই। লাপসি খেতে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকরও। যেহেতু মিষ্টিটি বানানো হয় ডালিয়া ও গুড় দিয়ে, তাই এটি খেলে সুগার বেড়ে যাওয়ার ভয় খুব একটা থাকে না। উত্তর ভারতে নবরাত্রির সময়ে মায়ের ভোগ হিসাবে লাপসি নিবেদন করা হয়।
উত্তর ভারতের সঙ্গে অমিতাভের শিকড়ের টান। বাঙালিয়ানাতেও তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন। কাজেই দুই সংস্কৃতির ছোঁয়াই দেখা যায় তাঁর খাদ্যতালিকায়। অমিতাভ বচ্চনের প্রিয় মিষ্টিটি যদি বাড়িতে বানাতে হয়, তা হলে পদ্ধতি শিখে নিতে পারেন। খুব বেশি উপকরণের ঝক্কি নেই, প্রণালীও সহজ।
উত্তরভারতের জনপ্রিয় মিষ্টি লাপসি।
উপকরণ:
দেড় কাপ ডালিয়া
আধ কাপ গাওয়া ঘি
২ কাপ জল
আধ কাপের মতো গুড়
আধ চা-চামচ এলাচগুঁড়ো
আধ কাপের মতো রোস্টেড বাদাম ও কুচোনো কাজু
প্রণালী:
প্যানে ঘি গরম করে তাতে ডালিয়া দিয়ে আঁচ কমিয়ে ভেজে নিন। যতক্ষণ না ডালিয়ে থেকে সুন্দর গন্ধ বার হচ্ছে ও তা হালকা বাদামি রং ধারণ করছে, ততক্ষণ ভাজতে থাকুন। ডালিয়া ভাজা হলে তাতে সামান্য জল দিয়ে ১ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখুন। একটু নরম হলে বাকি জল দিয়ে ঢেকে দিন। ডালিয়া সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে তাতে গুড়, এলাচগুঁড়ো, আগে থেকে ভেজে রাখা কাজু, পেস্তা ও বাদামকুচি দিয়ে দিন। সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। গুড় গলে যাওয়ার পর লাপসির রং ক্যারামেল বা গাঢ় বাদামি হয়ে উঠবে। পছন্দসই ঘনত্ব এলে আঁচ বন্ধ করে দিন। উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন।