দোকান থেকে দাম দিয়ে লবঙ্গ কিনে ঠকছেন না তো? দেখতে হুবহু একই রকম, কিন্তু আসল নয়। নকল দারচিনি, ভেজাল এলাচের মতো নকল লবঙ্গও বিক্রি হচ্ছে বাজারে। তা নিয়ে সতর্কও করেছে খাদ্য সুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রণ সংস্থা (এফএসএসএআই)। আসল লবঙ্গের মতোই দেখতে, কিন্তু স্বাদ ও পুষ্টিগুণে আলাদা। শুধু তা-ই নয়, প্লাস্টিকের বা রাসায়নিক মেশানো লবঙ্গও বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। কেনার আগে তাই যাচাই করে নিন, আসল লবঙ্গই কিনে নিয়ে যাচ্ছেন কি না।
কী কী মিশছে ভেজাল লবঙ্গে?
আসল লবঙ্গ থেকে বাষ্পীভবন পদ্ধতিতে সুগন্ধি তেল বার করে নেওয়া হচ্ছে। শুকনো খোলসটিকে নানা রাসায়নিক দ্রবণে মাখিয়ে তাজা দেখানোর চেষ্টা হচ্ছে।
তেল বার করে নেওয়া লবঙ্গে মেশানো হচ্ছে ক্যারামেল, খনিজ তেল ও নানা প্রকারের রঞ্জক।
ওজন বৃদ্ধি করতে লবঙ্গের প্যাকেটে ছোট কাঠের টুকরোও মিশিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
আসল ও নকল লবঙ্গ চেনার সহজ উপায়
জলের পরীক্ষা
কাচের গ্লাসে জল ভরে কয়েকটি লবঙ্গ ফেলে দিন তাতে। আসল লবঙ্গ ভারী, তা গ্লাসের নীচে গিয়ে জমা হবে। নকল বা ভেজাল মেশানো লবঙ্গ তুলনামূলক ভাবে হালকা হওয়ায় তা জলে আড়াআড়ি ভাবে ভেসে থাকবে বা একেবারে ডুবে যাবে।
লবঙ্গ ঘষে দেখুন
হাতের তালুতে লবঙ্গ নিয়ে ঘষে দেখুন। খাঁটি হলে তীব্র সুবাস পাওয়া যাবে, কিছুটা তৈলাক্ত ভাবও থাকবে। নকল লবঙ্গ থেকে কোনও তেল বার হবে না, শুকনো কাঠির মতো মনে হবে।
আকার ও গঠন
লবঙ্গের রং, মাথা ও গঠন ভাল করে লক্ষ করুন। আসল লবঙ্গ দেখতে কিছুটা গাঢ় বাদামি রঙের হয়, এর মাথায় গোল কুঁড়ি থাকে। নকল লবঙ্গে কৃত্রিম কালো রং মেশানো থাকে, তাই অতিরিক্ত চকচকে দেখায়। অধিকাংশ ক্ষেত্রে মাথার গোল অংশটি ভাঙা থাকে।
গন্ধ ও স্বাদের পরীক্ষা
লবঙ্গ নাকে নিয়ে গন্ধ শুঁকে দেখুন বা সামান্য চিবিয়ে দেখুন। খাঁটি হলে তার স্বাদ ঝাঁঝাঁলো হবে। ভেজাল লবঙ্গের কোনও গন্ধও থাকবে না, মুখে দিলে শুকনো মনে হবে, কোনও স্বাদ পাওয়া যাবে না।