পুজো আসছে বলে জামাকাপড় কেনার পর্ব চলছে। ফেশিয়ালও করানো হয়ে গিয়েছে। চুল কেটে রংও করে নিয়েছেন। কিন্তু ভিড়ভাট্টা, রোদ, ঘাম, ধুলো, ধাক্কাধাক্কিতে ত্বকের জেল্লা হারাতে বেশি সময় নেবে না। তখন ডজন ডজন নিজস্বী তোলার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। তাই পুজোয় যেখানেই যাবেন, ত্বকচর্চার ৩টি মাত্র সামগ্রী সঙ্গে রাখবেন। পুজোর আগে থেকেই উপকরণগুলির ছোট্ট সংস্করণ কিনে রাখুন।
ত্বকচর্চার ৩টি মাত্র সামগ্রী সঙ্গে রাখবেন। ছবি: সংগৃহীত
১. সানস্ক্রিন: কেবল সাজ নয়, সুরক্ষাও ত্বকের জেল্লার জন্য প্রয়োজনীয়। আর তার জন্য জলদি কিনে ফেলুন ছোট্ট সানস্ক্রিনের শিশি, যা ব্যাগে রেখে দিতে পারেন। কেবল পুজোয় প্যান্ডেলে ঘোরাফেরা নয়, কেনাকাটার সময়েও ত্বক যাতে সুরক্ষিত থাকে, তার বন্দোবস্ত করে রাখুন। রোজ সানস্ক্রিন মেখে বেরোতে হবে, যাতে ত্বকে ট্যান না পড়ে, দাগ না হয়, অন্যান্য সমস্যা বেড়ে না যায়।
২. জলের বোতল: জল কেবল শরীরের জন্য নয়, ত্বকের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বক যাতে সুস্থ, সতেজ, জেল্লাদার থাকে, তার জন্য বাইরে বেরোলেই ছোট জলের বোতল সঙ্গে রাখবেন। দিনভর সেই বোতল ভরে ভরে জল খেতে হবে। যাতে ত্বক শুষ্ক, রুক্ষ না হয়ে যায়।
৩. ভেজা টিস্যু: পুজোয় ঠাকুর দেখতে বেরোন বা কেনাকাটা করতে বাইরে যান, রোদ, ঘাম, ধুলোময়লা জমতে থাকে ত্বকের উপর। মাঝেমধ্যেই সিক্ত টিস্যু দিয়ে মুখটা মুছে নিলে ত্বক সতেজ দেখায়। চট করে ঘাম, ধুলোময়লা উঠে গিয়ে ত্বক হাইড্রেটেড হয় বা পরিষ্কার দেখায়। তার জন্য হাতের কাছে ছোট এক প্যাকেট ‘ওয়েট টিস্যু’ রাখা দরকার।
পুজোয় শহরে না থেকে যদি বেড়াতেও যান, তা হলেও ছোট ছোট এই সামগ্রীগুলি ব্যাগে রাখা দরকার। সমুদ্র বা পাহাড়েও কম ধুলো নেই, রোদও কম নেই, তাই ত্বককে রোদে পোড়ার হাত থেকে রক্ষা করতে সঙ্গে রাখুন এই কয়েকটি উপকরণ।