হেঁশেলের সর্বগুণসম্পন্ন মশলাটি যেমন রান্নায় লাগে, তেমনই ত্বক ও চুলের পরিচর্যাতেও উপকারী। ক্ষত মেরামত থেকে প্রসাধনী— সবেতেই কার্যকর হলুদ। তা যেমন ত্বকের ঔজ্জ্বল্য ফেরায়, তেমনই চুলের জন্যও সমান উপকারী। তবে খেয়ে নয়, চুলে হলুদ মেখেই বেশি উপকার হবে, দাবি এমনই। ত্বকের চিকিৎসকেরা বলছেন, অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ হলুদে এমন কিছু উপাদান আছে যা পাতলা চুলের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক। হলুদ মাখলে নিষ্প্রাণ চুল জেল্লাদার হবে, খুশকির সমস্যাও দূর হবে। তবে চুলে হলুদ মাখার নিয়ম আছে।
কেন চুলের জন্য হলুদ ভাল?
হলুদের প্রধান উপাদান হল কারকিউমিন যা একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী যৌগ। এটি মাথার ত্বকের যে কোনও সংক্রমণ রোধ করতে পারে ও চুল গজাতে সাহায্য করে।
খুশকি ও মাথার ত্বকের চুলকানি রোধ করতেও হলুদ কার্যকর। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে যা মাথার ত্বকে র্যাশ, ব্রণ বা ফুস্কুড়ি দূর করতেও সক্ষম।
আরও পড়ুন:
হলুদের প্যাক বা তেল মালিশ করলে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়বে। এতে যেমন নতুন চুল গজাবে, তেমনই অকালপক্বতাও দূর হবে।
চুলে কী ভাবে মাখবেন হলুদ?
হলুদ-অলিভ অয়েলের প্যাক
২ চামচ হলুদগুঁড়ো, ১ চামচ অলিভ অয়েল এবং ১ চামচ টকদই একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এর পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
খুশকি দূর করতে
এক কাপ ঈষদুষ্ণ জলে ১ চামচ হলুদগুঁড়ো ভাল করে গুলে নিন। চুল শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধোয়ার পর এই জলটি ধীরে ধীরে মাথার ত্বকে ঢেলে ২-৩ মিনিট রেখে দিন। এর পর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন।
হলুদের হেয়ার অয়েল
আধ কাপ নারকেল তেল বা অলিভ তেল হালকা গরম করে তাতে ১ চা-চামচ হলুদগুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ রাখুন। তেল ঠান্ডা হলে ছেঁকে নিয়ে চুল ও মাথার ত্বকে ভাল করে মালিশ করে নিন। অন্তত ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
হলুদের শ্যাম্পু
যে শ্যাম্পু ব্যবহার করেন সেটি হাতের তালুতে নিয়ে তার সঙ্গে এক চিমটে হলুদগুঁড়ো মিশিয়ে নিন। মাথার ত্বকে ভাল করে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল খুব রুক্ষ ও নিষ্প্রাণ হলে এবং খুশকির সমস্যা থাকলে এ ভাবে শ্যাম্পু করে দেখতে পারেন।
হলুদ-পেঁয়াজের রস
পেঁয়াজের রসে থাকা সালফার চুল পড়া কমায় এবং হলুদ চুলের গোড়া মজবুত করে। প্যাকটি বানাতে ১ চামচ হলুদগুঁড়ো, ৩ চামচ পেঁয়াজের রস এবং ১ চামচ মধু মিশিয়ে নিন। সব উপাদান ভালভাবে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।