Advertisement
E-Paper

রাখিতে নীতা অম্বানীর মতো ব্যাগও দিতে পারেন আদরের বোনকে, পকেটে কতটা টান দেবে তেমন উপহার?

বোনের মুখে হাসি ফোটানোর জন্য রাখির উপহার হোক অন্য রকম। নামকরা ফ্যাশানিস্তারা যা ব্যবহার করেন, তেমন কিছুই রাখতে পারেন তালিকায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৬:১৬
বোনের মুখে হাসি ফোটাতে উপহারে থাক আভিজাত্যের ছোঁয়া।

বোনের মুখে হাসি ফোটাতে উপহারে থাক আভিজাত্যের ছোঁয়া। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভাইয়ের হাতে রাখি বাঁধার পরে বোনের মন উৎসুক থাকে উপহারের বাক্সের ভিতরে কী রয়েছে, সেটি জানার জন্য। আদরের বোনের মুখে হাসি ফোটাতে এ বার ভাবতে পারেন অন্য রকম। দিতে পারেন বিখ্যাত পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আনারকলি থেকে ডিয়-র ব্যাগ কিংবা প্রাডা-র সানগ্লাসও।

রিল্যায়েন্স কর্তা মুকেশ অম্বানীর ঘরনি নীতা অম্বানী ভারতের অন্যতম ফ্যাশনিস্তাও। তাঁর হ্যান্ডব্যাগের সংগ্রহে রয়েছে স্নেল, গোয়ার্ড ও জিমি চু সংস্থার ব্যাগ। তাঁর সংগ্রহে ডিয়-র ব্যাগও রয়েছে। যাঁদের প্রত্যেকটির দাম প্রায় কয়েক লক্ষ টাকা। তেমনই বোনকে দিতে পারেন বিখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ডিয়-র টোট ব্যাগ থেকে লোয়ে-র অ্যানাগ্রাম ওয়ালেট। জেনে নিন, কোনটির দাম কত পড়বে?

ডিয়-র টুজ়র টোট

ফরাসি বিলাস ব্র্যান্ড ডিয়-র একটি টোট ব্যাগ ।

ফরাসি বিলাস ব্র্যান্ড ডিয়-র একটি টোট ব্যাগ । ছবি: সংস্থার সাইট থেকে সংগৃহীত।

ফরাসি বিলাস ব্র্যান্ড ডিয়-র একটি টোট ব্যাগ যদি রাখির উপহার হয়, বোনের মুখের হাসিটি যে চওড়া হবে, বলাই বাহুল্য। নরম চামড়া এবং নিখুঁত সেলাইয়ে তৈরি আভিজাত্যপূর্ণ এমন ব্যাগের দাম শুরু প্রায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে। সাদা, কালোর পাশাপাশি, বাদামি, ধূসর— বিভিন্ন রংই রয়েছে। ব্যাগের হাতলে ঝোলানো ধাতব ‘ডিয়’ লেখা চার্ম এবং এর শৌখিন ‘সিডি’ লকটি নিরাপত্তার পাশাপাশি আভিজাত্য এবং অনন্যতার প্রতিভূ। ডিয়-র অন্যান্য ব্যাগও রয়েছে। ন্যূনতম দাম ৭০-৮০ হাজার টাকা।

কার্তিয়ে লাভ হুপ ইয়াররিংস

রোজ় গোল্ড, হোয়াইট গোল্ডের কানের দুলও পাওয়া যায়। দাম শুরু মোটামুটি ২ লক্ষ ২২ হাজার থেকে।

রোজ় গোল্ড, হোয়াইট গোল্ডের কানের দুলও পাওয়া যায়। দাম শুরু মোটামুটি ২ লক্ষ ২২ হাজার থেকে।

কার্তিয়ে-র ‘লাভ হুপ ইয়াররিংস’-এর জনপ্রিয়তা বিশ্বজোড়া। ১৯৬৯ সালে নকশা করা কানের দুলগুলি ঠাঁই পায় ‘প্রেম-সংগ্রহ’-এর গয়নার তালিকায়। দেখতে তেমন নজরকাড়া না হলেও, ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি সেগুলি। কোনও নকশায় হিরের ব্যবহারও রয়েছে। এই সংগ্রহের মূল আকর্ষণ হল নির্দিষ্ট ব্যবধানে খোদাই করা স্ক্রু চিহ্ন। এটি চিরস্থায়ী ভালবাসা এবং প্রতিশ্রুতি রক্ষার প্রতীক। রোজ় গোল্ড, হোয়াইট গোল্ডের কানের দুলও পাওয়া যায়। দাম শুরু মোটামুটি ২ লক্ষ ২২ হাজার থেকে।

গুচি ডেনিম

গুচির ডেনিমের প্যান্ট এবং জ্যাকেটে অভিনেত্রী আলিয়া ভট্ট।

গুচির ডেনিমের প্যান্ট এবং জ্যাকেটে অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি:সংগৃহীত।

ইটালির আভিজাত্যপূর্ণ ফ্যাশন ব্র্যান্ড গুচি-র ডেনিম কোনও সাধারণ জিন্‌স নয়। স্বাচ্ছন্দ্য এবং আধিজাত্যের যথাযথ মিশ্রণ রয়েছে এতে। শার্ট থেকে জ্যাকেট বা টপ, জিন্‌স— রাখির উপহারে, পছন্দের যে কোনওটি বেছে নিতে পারেন। দাম মোটামুটি ১ লক্ষ থেকে শুরু।

শানেল ব্যালে ফ্ল্যাট

শানেল-এর ব্যালে ফ্ল্যাট জুতো।  দাম লক্ষাধিক টাকা।

শানেল-এর ব্যালে ফ্ল্যাট জুতো। দাম লক্ষাধিক টাকা। ছবি:সংগৃহীত।

বিশ্বের ফ্যাশন জগতের ইতিহাসে শানেল-এর ব্যালে ফ্ল্যাট জুতোর কদর বরাবরই। নরম চামড়ার সঙ্গে নিখুঁত নকশা, হিল ছাড়া জুতোটি ঠিক যতটা কেতাদুরস্ত, ঠিক ততটাই আরামদায়ক। নরম চামড়া দিয়ে তৈরি ব্যালেটি দিনভর পরে থাকলেও, কষ্ট হবে না। জিন্‌স থেকে ট্রাউজার্স, বিভিন্ন রকম পোশাকের সঙ্গে মানানসই এই জুতোর দাম শুরু এক লক্ষের উপরে। কালো, লাল ছাড়াও বেশ কয়েকটি রং রয়েছে। এক রঙের পাশাপাশি দুই রঙের মিশেলেও ব্যালে রয়েছে।

লোয়ে-র অ্যানাগ্রাম ওয়ালেট

লোয়ে-র অ্যানাগ্রাম ওয়ালেট।

লোয়ে-র অ্যানাগ্রাম ওয়ালেট। ছবি: লোয়ে-র ওয়েবসাইট থেকে সংগৃহীত।

স্পেনীয় বিলাসবহুল ফ্যাশন হাউস লোয়ে-র অ্যানাগ্রাম ওয়ালেট সূক্ষ্ম চামড়ার কারুকাজ এবং মার্জিত ডিজাইনের জন্য ফ্যাশনপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। উপহার হিসাবে অত্যন্ত আকর্ষণীয়ও। একরঙার পাশাপাশি গ্রাফিক নকশার ওয়ালেটও রয়েছে। ছোট্ট ওয়ালেটটি খুব সহজেই যে কোনও ব্যাগে বা প্যান্টের পকেটে ভরে ফেলা যায়। নরম টেকসই চামড়া, নিখুঁত সেলাই এর বৈশিষ্ট্য। দাম শুরু মোটামুটি ৬০-৭০ হাজার টাকা থেকে। লক্ষাধিক টাকার ওয়ালেটও রয়েছে।

সব্যসাচীর আনারকলি

সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আনারকলি।

সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আনারকলি। ছবি: সব্যসাচীর ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

রাখিতে উপহারের তালিকায় ঠাঁই পেতে পারে বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আনারকলিও। তাবড় শিল্পীরা সাজেন সব্যসাচীর পোশাকেই। সিল্কের উপরে পাথর, সুতোর নকশা করা আনারকলির সম্ভার থেকে পছন্দসইটি বেছে নিতে পারেন আদরের বোনের জন্য। দাম শুরু এক লক্ষ টাকা থেকে। ৩ লক্ষ টাকা পর্যন্ত দামের আনারকলি রয়েছে। যে কোনও বড় শহরেই সব্যসাচীর স্টোর রয়েছে। অনলাইনে সবটা মেলে না। ফলে স্টোরে গিয়ে দেখে কিনে নিতে পারেন পছন্দের পোশাকটি।

প্রাডা-র সানগ্লাস

প্রাডার সানগ্লাস।

প্রাডার সানগ্লাস। ছবি:সংস্থার সাইট থেকে সংগৃহীত।

ইটালীয় বিলাসবহুল ফ্যাশন হাউস প্রাডা-র সানগ্লাস বিশ্ব জুড়ে ফ্যাশনসচেতনদের কাছে বরাবরই বিশেষ স্থান অর্জন করেছে। শুধু উচ্চমানের লেন্স বা শৌখিন ফ্রেম নয়, এমন রোদচশমা আভিজাত্যেরও পরিচায়ক। সানগ্লাসের ফ্রেমে খোদাই করা থাকে প্রাডা-র সিগনেচার লোগোটি। অত্যন্ত হালকা এবং টেকসই ধাতু, কাচের ব্যবহার হয় সানগ্লাস তৈরিতে। ফলে, এটি ব্যবহার করা আরামদায়কও। মোটামুটি ২০-২৫ হাজার টাকা থেকে সানগ্লাস পাওয়া যায়। সর্বোচ্চ দাম কয়েক লক্ষ পর্যন্ত হয়।

Rakhi Sister

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy